- ২২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাকে বিদ্যুতের স্পর্শ থেকে রক্ষা করতে গিয়ে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গেছে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি বেগম এবং তাঁদের মেয়ে লিমা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের একটি দোকানঘর খুলতে যান মিলি বেগম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিপদে পড়তে দেখে তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান মেয়ে লিমা খাতুন। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে আক্রান্ত হন।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই পরিবারের মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে হাউসনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।