- ২৩ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (২২ নভেম্বর) সকালে শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁদের একটি অংশ লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন।
সকাল ১১টার দিকে মহাসড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকেন।
এদিকে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায়ও শ্রমিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের বাধা দেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরবর্তী সময়ে শ্রমিকদের একটি দল আনসার রোডের দিকে অগ্রসর হয়ে আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা সেখান থেকে সরে গিয়ে ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় অবস্থান নেন।
সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।