Sunday, November 22, 2026

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার


ফাইল ছবিঃ নয়ন কুমার সরকার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর জায়গায় পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পৌর এলাকার বিভিন্ন মহল্লায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘাতের আশঙ্কা ও আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে জিসান (১৫) নামের এক কিশোরের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, একজন কিশোর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে আহত বা নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। কাউকে আটকও করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত দুই দিনে উভয় পক্ষের সংশ্লিষ্ট কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকেরা তাঁদের ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলাবিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে রোববার সকালে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে আহত কিশোর জিসান ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সকালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর বেড়া পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ কাটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন