- ২২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন। তাঁর হাতের একটি আঙুলের কিছু অংশ পুড়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
ব্যাংক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রাত ১টা ৩০ মিনিট থেকে ১টা ৩৪ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকের বাইরে থেকে ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে। বোমাটি ভবনের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়।
এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে ব্যাংকের মূল ভবন কিংবা অফিসের কোনো মালামালের ক্ষতি হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল আংশিক দগ্ধ হয়। পরে রাতেই তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে দেখা গেছে। ফুটেজটি ইতোমধ্যে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।