- ২২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে একটি মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন। আগুনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানায়, বানতেন প্রদেশের ফনুসা আগুং মুলিয়া কারখানা থেকে অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ানতো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, কারখানার কয়েকটি অংশে তখনো আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিভিন্ন স্থানে পানি ছিটিয়ে তাপ কমানোর কাজ চালিয়ে যাচ্ছিলেন দমকলকর্মীরা।
তিনি বলেন, অগ্নিকাণ্ড শুরুর ১২ ঘণ্টারও বেশি সময় পরও কারখানার বিভিন্ন অংশে আগুন নেভানোর চেষ্টা চলছিল। উদ্ধারকর্মীদের সঙ্গে দমকল বাহিনী ও ইন্দোনেশিয়ান রেড ক্রসের সদস্যরাও অভিযানে অংশ নেন। কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালানোর পাশাপাশি যেসব স্থানে মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বানতেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি সাংবাদিকদের জানান, আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ৬০ জন কর্মী ও অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। কারখানাটিতে ‘মিল্কিটা’ নামে পরিচিত দুধজাত উপাদান দিয়ে তৈরি খাবার ও মিষ্টিজাত পণ্য উৎপাদন করা হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে তিনতলা ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভবনের ভেতরের কিছু ভিডিওতে আগুনের তীব্রতায় যন্ত্রপাতি ও উৎপাদন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। এদিকে কারখানার বাইরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অপেক্ষা করার দৃশ্যও স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বড় অগ্নিকাণ্ড ও শিল্প দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।