- ২৩ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আইফোনের ‘নেমড্রপ’ ফিচার নিয়ে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ জিজি টেকনোলজিস। প্রতিষ্ঠানটির দাবি, কাছাকাছি দুটি ডিভাইস এনে যোগাযোগের তথ্য আদান-প্রদানের যে প্রযুক্তি অ্যাপল ব্যবহার করছে, সেটির ওপর তাদের পেটেন্ট রয়েছে। এ অভিযোগে ক্ষতিপূরণ হিসেবে ১৫ বিলিয়ন ভারতীয় রুপি বা প্রায় ১৬ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার দাবি করেছে তারা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের পর্যালোচনা করা আদালতের নথি অনুযায়ী, গত অক্টোবরে ভারতের বোম্বে হাইকোর্টে মামলাটি করে জিজি টেকনোলজিস। প্রতিষ্ঠানটির দাবি, এপ্রিলে শুরু হওয়া সমঝোতা প্রক্রিয়া সেপ্টেম্বরে ব্যর্থ হওয়ার পর তারা আদালতের দ্বারস্থ হয়। ভারতে বাণিজ্যিক মামলা দায়েরের আগে সাধারণত এ ধরনের মধ্যস্থতা বা সমঝোতার উদ্যোগ নেওয়া বাধ্যতামূলক।
জিজি টেকনোলজিসের অভিযোগ, অ্যাপলের নেমড্রপ ফিচার তাদের ভারতীয় পেটেন্টের আওতাভুক্ত প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তির মাধ্যমে কোনো ধরনের ম্যানুয়াল পেয়ারিং ছাড়াই কাছাকাছি থাকা দুটি ফোনের মধ্যে যোগাযোগের তথ্য বিনিময় করা যায়।
প্রতিষ্ঠানটির তৈরি ‘স্টে টাচ’ নামের অ্যাপেও একই ধরনের সুবিধা রয়েছে। প্রচলিত বিজনেস কার্ডের বিকল্প হিসেবে যোগাযোগের তথ্য সহজে বিনিময়ের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে অ্যাপটি চালু করা হয়। একই বছর যুক্তরাষ্ট্রে এ প্রযুক্তির পেটেন্টের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি। পরে ২০২১ সালে ভারতে পেটেন্টের আবেদন জমা দেয় এবং ২০২৪ সালের জুলাইয়ে অনুমোদন পায়।
অন্যদিকে, অ্যাপল ২০২৩ সালের জুনে আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের সঙ্গে নেমড্রপ ফিচার চালু করে। এর মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ আইফোন কাছাকাছি আনলেই ব্যবহারকারীরা নিজেদের যোগাযোগের তথ্য বিনিময় করতে পারেন। একই বছরের শেষ দিকে অ্যাপল ওয়াচেও ফিচারটির ব্যবহার চালু হয়।
জিজি টেকনোলজিস আদালতের কাছে নেমড্রপ ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়েছে। প্রতিষ্ঠানটি চায়, ভারতে এ ফিচার সংযুক্ত আইফোন ও অ্যাপল ওয়াচ আমদানি এবং বিক্রি বন্ধে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। তবে মামলাটি এখনো শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি।
এটি অবশ্য অ্যাপলের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির প্রথম আইনি পদক্ষেপ নয়। একই ধরনের পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রেও অ্যাপলের বিরুদ্ধে মামলা করে জিজি টেকনোলজিস। ওই অভিযোগের ভিত্তিতে গত আগস্টে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (আইটিসি) তদন্ত শুরু করে। সেখানে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অ্যাপল পণ্য আমদানি বন্ধ এবং বিক্রিতে বিধিনিষেধ আরোপের আবেদন জানিয়েছে স্টার্টআপটি।
২০১৮ সালে গৌরব গোয়েলের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জিজি টেকনোলজিস। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পড়াশোনা শেষে তিনি গোল্ডম্যান স্যাকসেও কাজ করেছেন। প্রতিষ্ঠানটির তৈরি স্টে টাচ অ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে টেকক্রাঞ্চ অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি।
অ্যাপলের জন্য ভারতের বাজার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশটিতে আইফোনের চাহিদা বাড়ার পাশাপাশি চীনের বাইরে উৎপাদনকেন্দ্র হিসেবেও ভারতকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। দেশটিতে খুচরা বিক্রির পরিসর বাড়ানোর পাশাপাশি উৎপাদন কার্যক্রমও সম্প্রসারণ করছে অ্যাপল। তবে ভারতের স্মার্টফোন বাজারে আইফোনের অংশ এখনো ১০ শতাংশের নিচে। ফলে বাজারটিতে প্রবৃদ্ধির বড় সুযোগ রয়েছে।
এ অবস্থায় নেমড্রপ প্রযুক্তি নিয়ে পেটেন্ট বিরোধ অ্যাপলের জন্য নতুন আইনি চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতের আদালতে মামলাটির পরবর্তী অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের তদন্তের ফলাফল—দুই ক্ষেত্রেই নজর থাকবে প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের।