Saturday, November 21, 2026

মহাকাশে ডেটা সেন্টার গড়ার পথে অর্থায়ন নিয়ে নতুন জটিলতা


ছবিঃ ডেটা সেন্টার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়ে প্রযুক্তি খাতে আগ্রহ বাড়লেও বাস্তবায়নের পথে একের পর এক বাধা সামনে আসছে। প্রকৌশলগত চ্যালেঞ্জ, কক্ষপথে যন্ত্রপাতি পাঠানোর মতো পর্যাপ্ত রকেটের অভাবের পাশাপাশি এবার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অর্থায়ন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য প্রয়োজনীয় দামি চিপের ঋণনির্ভর বিনিয়োগ মহাকাশভিত্তিক প্রকল্পের ক্ষেত্রে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বর্তমানে ডেটা সেন্টার খাতের বড় একটি অংশ পরিচালিত হয় ঋণভিত্তিক অর্থায়নে। ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নতুন ডেটা সেন্টার নির্মাণ ও প্রয়োজনীয় চিপ কেনার জন্য ঋণ নেয়। পরে এসব অবকাঠামো থেকে আয় করে ধাপে ধাপে ঋণ পরিশোধ করে। এ ধরনের অর্থায়নে সাধারণত কেনা চিপগুলোকে জামানত হিসেবে রাখা হয়। ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতা প্রতিষ্ঠান চিপের দখল নিয়ে সেগুলো পুনরায় বিক্রি করতে পারে।

এই নিশ্চয়তার কারণে তুলনামূলক কম খরচে চিপ কেনার জন্য অর্থায়ন পাওয়া সহজ হয়। পুরোনো হয়ে গেলেও উন্নত প্রযুক্তির অনেক চিপের বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে বজায় থাকে। কম্পিউট ক্রেডিট ইনডেক্স রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কেনা কিছু এইচ১০০ চিপ এখনো মূল ক্রয়মূল্যের প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ২০২৪ সালে বাজারে আসা কিছু এইচ২০০ চিপের দাম এখনো প্রাথমিক বাজারমূল্যের কাছাকাছি রয়েছে।

কিন্তু মহাকাশে স্থাপিত ডেটা সেন্টারের ক্ষেত্রে এই অর্থায়ন পদ্ধতি বড় সমস্যায় পড়তে পারে। পৃথিবী থেকে প্রায় ৩০০ মাইল ওপরে ঘণ্টায় প্রায় ১৭ হাজার ৫০০ মাইল বেগে ঘুরতে থাকা কোনো উপগ্রহে চিপ বসানো হলে ঋণখেলাপির ঘটনায় সেগুলো পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। ফলে প্রচলিত পদ্ধতিতে চিপকে জামানত হিসেবে ব্যবহার করার যে নিশ্চয়তা, মহাকাশে তা কার্যকর থাকবে না।

বিষয়টি সামনে এসেছে স্পেসএক্সের ৪০ বিলিয়ন ডলারের চিপ অর্থায়ন চুক্তিকে ঘিরে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির সঙ্গে যুক্ত ঋণদাতারা শর্ত দিয়েছিলেন, অর্থায়নে কেনা কোনো চিপ যেন স্পেসএক্সের কক্ষপথভিত্তিক ডেটা সেন্টার প্রকল্পে ব্যবহার করা না হয়। তবে প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত এ শর্ত মেনে নিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে এই শর্ত স্পেসএক্সের ব্যবসায় বড় প্রভাব ফেলবে কি না, সেটিও স্পষ্ট নয়। কারণ, পৃথিবীতে স্থাপিত গ্রাউন্ড স্টেশন ও ডেটা সেন্টারের সক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উল্লেখযোগ্য ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করেছে। সর্বশেষ আয়সংক্রান্ত আলোচনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, রকেট বিভাগের প্রকৌশলীদেরও ডেটা সেন্টার সম্প্রসারণের কাজে যুক্ত করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের জেনারেটরের জন্য দ্রুতগতিতে টারবাইনের ব্লেড তৈরির মতো প্রযুক্তিগত সমস্যার সমাধানেও তাঁরা কাজ করছেন।

তবে স্থলভিত্তিক ডেটা সেন্টার সম্প্রসারণের ক্ষেত্রেও কিছু অনিশ্চয়তা রয়েছে। বড় প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হচ্ছে না। বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং স্থানীয় পর্যায়ে বিরোধিতার মুখে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। একই সঙ্গে ডেটা সেন্টারের জন্য কম্পিউটিং সক্ষমতার চাহিদা কতটা বাড়বে এবং গ্রাহকেরা সেই সক্ষমতা ব্যবহার করে কতটা আয় করতে পারবেন, তা নিয়েও বাজারে অপেক্ষা ও পর্যবেক্ষণ চলছে।

এর মধ্যেই ২০২৬ সালের শুরু থেকে মহাকাশকে ডেটা সেন্টার পরিচালনার সবচেয়ে সাশ্রয়ী জায়গা হিসেবে তুলে ধরছেন ইলন মাস্ক। তাঁর ধারণা, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মহাকাশে ডেটা সেন্টার পরিচালনার খরচ পৃথিবীর তুলনায় কম হতে পারে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য স্পেসএক্সের স্টারশিপ রকেটকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য অবস্থায় পরিচালনা করতে হবে।

স্টারশিপের সর্বশেষ পরীক্ষামূলক উড্ডয়নে বুস্টার অংশটি উদ্ধার করতে ব্যর্থ হলেও রকেটটির ওপরের বা অরবিটাল পর্যায়কে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে সফলভাবে অবতরণ করাতে পেরেছে প্রতিষ্ঠানটি। তবে এই অংশটি কবে আবার মহাকাশে পাঠানো যাবে এবং দ্বিতীয়বার ব্যবহারের আগে সেটি প্রস্তুত করতে কত খরচ হবে, তা এখনো পরিষ্কার নয়।

সব মিলিয়ে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের সম্ভাবনা থাকলেও প্রযুক্তিগত সক্ষমতা, রকেটের পুনর্ব্যবহার, বিদ্যুৎ ও অবকাঠামো এবং অর্থায়নের প্রচলিত কাঠামো সবকিছুই এখন বড় পরীক্ষা। বিশেষ করে ঋণের বিপরীতে কেনা চিপ উদ্ধার বা পুনর্বিক্রির নিশ্চয়তা না থাকলে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারে বিনিয়োগের ঝুঁকি ও খরচ কতটা বাড়বে, সেটিই হয়ে উঠতে পারে এই পরিকল্পনার অন্যতম বড় নির্ধারক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন