- ১৮ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে বড় অঙ্কের বিনিয়োগ করে বিপুল মুনাফার সম্ভাবনা তৈরি করেছে অ্যামাজন ও গুগল। প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ঘিরে দুই প্রযুক্তি জায়ান্টের মালিকানার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে অ্যানথ্রপিক। এতে দেখা যাচ্ছে, আইপিও প্রক্রিয়া শেষে অ্যানথ্রপিকে অ্যামাজনের মালিকানা দাঁড়াবে ১৪ দশমিক ৭ শতাংশ এবং গুগলের ১৩ দশমিক ৭ শতাংশ।
মঙ্গলবার প্রকাশিত তথ্যে অ্যানথ্রপিক জানায়, অ্যামাজন তাদের বিনিয়োগের একটি অংশ শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিশেষ শ্রেণির ভোটাধিকারহীন শেয়ার পাবে প্রতিষ্ঠানটি। এসব শেয়ারে লভ্যাংশ পাওয়ার সুযোগ থাকবে। তবে বিক্রি করার সময় এগুলো সাধারণ ‘ক্লাস এ’ ভোটাধিকারযুক্ত শেয়ারে রূপান্তর করা যাবে।
অ্যানথ্রপিকে অ্যামাজনের বিনিয়োগের শুরু ২০২৩ ও ২০২৪ সালে। তখন প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বর্তমান অবস্থানে পৌঁছায়নি। ওই সময় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে অ্যামাজন এমন কিছু ঋণপত্র বা প্রমিসরি নোট পায়, যেগুলো পরবর্তী সময়ে শেয়ারে রূপান্তর করার সুযোগ ছিল।
বিনিয়োগের বছর অনুযায়ী এসব নোটের শেয়ার রূপান্তরের মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ২ দশমিক ০৯ ডলার ও ৫ দশমিক ০৫ ডলার। আইপিওর অংশ হিসেবে অ্যামাজন এসব নোটের একটি অংশ শেয়ারে রূপান্তর করছে। তবে বাকি কয়েক বিলিয়ন ডলারের নোট আপাতত নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যানথ্রপিকের তথ্যমতে, অ্যামাজন চাইলে হাতে থাকা সব নোট এখনই শেয়ারে রূপান্তর করে প্রতিষ্ঠানটির প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ মালিকানা অর্জন করতে পারত। তবে আপাতত সেই পথে হাঁটছে না তারা।
অন্যদিকে গুগলের মালিকানা দাঁড়াবে ১৩ দশমিক ৭ শতাংশ। অ্যামাজনের মতো গুগলও ভোটাধিকারহীন শেয়ার পাবে। ঋণপত্র শেয়ারে রূপান্তরের পাশাপাশি আইপিওর অংশ হিসেবে সরাসরি শেয়ার কেনার মাধ্যমেও এই মালিকানা তৈরি হবে।
এদিকে অ্যানথ্রপিকের ভোটাধিকারহীন শেয়ার কিনতে বড় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান সম্মত হয়েছে। এ তালিকায় রয়েছে এএমডি, ব্রডকম, গুগল, মাইক্রন, মাইক্রোসফট, এনভিডিয়া এবং টিএসএমসি পার্টনার্স। প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ২৬ বিলিয়ন ডলার। এর মধ্যে গুগল ও এনভিডিয়া প্রত্যেকে ১০ বিলিয়ন ডলারের শেয়ার কেনার বিষয়ে সম্মত হয়েছে।
অ্যানথ্রপিকে বিনিয়োগের পাশাপাশি অ্যামাজনের জন্য আরও বড় ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়েছে ক্লাউড সেবা খাতে। অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সঙ্গে অ্যানথ্রপিকের চুক্তি অনুযায়ী, আগামী এক দশকে ক্লাউড সেবা ব্যবহারে ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করার প্রতিশ্রুতি রয়েছে এআই প্রতিষ্ঠানটির।
ফলে অ্যানথ্রপিকের সম্ভাব্য আইপিও থেকে শেয়ারের মূল্যবৃদ্ধির সুবিধা পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্লাউড ব্যবসা থেকেও আয় বাড়ানোর সুযোগ রয়েছে অ্যামাজনের। প্রযুক্তি খাতে এআই প্রতিষ্ঠানগুলোর দ্রুত উত্থানের মধ্যে অ্যানথ্রপিকে বিনিয়োগকে বড় ব্যবসায়িক সাফল্যে রূপ দেওয়ার পথে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।