- ২১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশের পরদিন, ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী এবং তাঁদের আবেদন করা খাতার সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।
গত দুই বছরের তুলনায় এবার পুনঃনিরীক্ষণের আবেদন ও খাতার সংখ্যা দুটিই বেড়েছে। ফলে ২৩ নভেম্বর প্রকাশিত ফলের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।