- ২১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজক মিশেল জেকলারকে মারধর ও বর্ণবাদী আচরণের দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২০ সালে সংঘটিত ওই নির্যাতনের ঘটনায় কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি পুলিশের নথিতে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টিও প্রমাণিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এ রায় দেশটিতে পুলিশি নির্যাতন ও বর্ণবৈষম্য নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
প্যারিসের ফৌজদারি আদালত অভিযুক্ত তিন কর্মকর্তা অরেলিয়েন লাপেরসন, ফিলিপ টঁদ্যু ও পিয়েরে প্লান্তিয়েকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তবে প্রত্যেকের সাজায় কারাদণ্ডের কিছু অংশ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তাঁদের ভবিষ্যতে পুলিশ বাহিনীতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, লাপেরসনের সাজায় তিন বছর, টঁদ্যুর সাড়ে তিন বছর এবং প্লান্তিয়ের চার বছর স্থগিত থাকবে। ফলে লাপেরসনকে দুই বছর, টঁদ্যুকে দেড় বছর এবং প্লান্তিয়েকে এক বছর সাজা ভোগ করতে হবে। প্লান্তিয়ে কারাগারের পরিবর্তে ইলেকট্রনিক নজরদারির মাধ্যমে বাকি সাজা কাটাবেন।
ঘটনাটি ঘটে ২০২০ সালের ২১ নভেম্বর। সে সময় ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জনসমাগম ও চলাচলের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। ওই দিন প্যারিসে নিজের রেকর্ডিং স্টুডিওর বাইরে মিশেল জেকলারকে থামান পুলিশ কর্মকর্তারা। তাঁদের অভিযোগ ছিল, তিনি মাস্ক পরেননি।
এরপর কর্মকর্তারা তাঁকে স্টুডিওর ভেতরে ঠেলে নিয়ে গিয়ে মারধর করেন। প্রতিষ্ঠানের নিরাপত্তা ক্যামেরায় পুরো ঘটনার একটি বড় অংশ ধারণ হয়। ফুটেজ অনুযায়ী, প্রায় পাঁচ মিনিট ধরে তাঁকে ঘুষি, লাথি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং বাহুর বাইসেপস টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়।
জেকলারের অভিযোগ, নির্যাতনের সময় পুলিশ সদস্যরা তাঁকে বারবার বর্ণবাদী গালি দিয়েছিলেন। ওই ঘটনার পর তিনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন বলে আদালতে জানান।
আদালতে বিচার চলাকালে নির্যাতনের পাশাপাশি পুলিশের দেওয়া প্রাথমিক প্রতিবেদন নিয়েও প্রশ্ন ওঠে। কর্মকর্তারা ওই প্রতিবেদনে দাবি করেছিলেন, জেকলার তাঁদের ওপর হামলা চালিয়েছিলেন। কিন্তু নিরাপত্তা ক্যামেরার ফুটেজে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রতিবেদনটি তৈরি করা কর্মকর্তা লাপেরসন আদালতে স্বীকার করেন, তিনি জেকলারের আঘাত করার বিষয়টি প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ভয় থেকেই এমনটি করেছিলেন। বিচারক মন্তব্য করেন, নিজেদের বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা এড়াতে কর্মকর্তারা অসত্য তথ্য দিয়েছিলেন।
তিন পুলিশ কর্মকর্তাই অতিরিক্ত বলপ্রয়োগের কথা স্বীকার করে জেকলারের কাছে ক্ষমা চান। তবে তাঁরা বর্ণবাদী আচরণের অভিযোগ অস্বীকার করেন। আদালত জেকলারের সাক্ষ্যকে শুরু থেকে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করেন। অন্যদিকে মিথ্যা প্রতিবেদন কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে বলে বিচারকের পর্যবেক্ষণে উঠে আসে।
জেকলারের আইনজীবী সাজাকে প্রত্যাশার তুলনায় কম বলে উল্লেখ করলেও রায়টিকে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন। তাঁর মতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা কোনো ব্যক্তি যে ন্যায়বিচার পেতে পারেন, এ রায় তার একটি দৃষ্টান্ত।
৪৭ বছর বয়সী মিশেল জেকলার ফ্রান্সের সংগীতাঙ্গনের পরিচিত প্রযোজক। তিনি স্বাধীন র্যাপ সংগীতের লেবেল ‘ব্ল্যাক গোল্ড কর্প’-এর সহপ্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে ফরাসি হিপ-হপ সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করছেন তিনি।
তাঁর ওপর নির্যাতনের ঘটনা ফ্রান্সে পুলিশি বলপ্রয়োগ ও বর্ণবৈষম্য নিয়ে চলমান বিতর্ককে আবার সামনে এনেছে। এর আগে ২০২৩ সালে প্যারিসের কাছে পুলিশের গুলিতে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী নাহেল মেরজুক নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাথমিক পুলিশি বক্তব্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর অসংগতি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
২০১৭ সালে কৃষ্ণাঙ্গ থিও লুহাকাকে তল্লাশির সময় গুরুতরভাবে আহত করার ঘটনায় ২০২৪ সালে তিন পুলিশ কর্মকর্তাকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ২০১৬ সালে মালিয়ান বংশোদ্ভূত আদামা ত্রাওরের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে।
ফ্রান্সের অধিকার সুরক্ষা সংস্থার ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব, কৃষ্ণাঙ্গ বা উত্তর আফ্রিকান হিসেবে বিবেচিত তরুণদের পুলিশি তল্লাশির মুখে পড়ার আশঙ্কা সাধারণ জনগোষ্ঠীর তুলনায় চার গুণ বেশি। তল্লাশির সময় তাঁদের শরীর তল্লাশির মতো কঠোর ব্যবস্থার শিকার হওয়ার আশঙ্কা ১২ গুণ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কর্মকর্তাদের সুরক্ষা বাড়ানোর প্রস্তাবিত আইন নিয়েও দেশটিতে বিতর্ক চলছে। সমালোচকদের আশঙ্কা, এ ধরনের আইন পুলিশি জবাবদিহি দুর্বল করতে পারে। তবে ফরাসি কর্তৃপক্ষ পুলিশের বিচ্ছিন্ন অসদাচরণের ঘটনা স্বীকার করলেও বাহিনীতে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ নাকচ করে আসছে।
মানবাধিকারকর্মীদের মতে, জেকলারের ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর নির্যাতনের বিষয় নয়; বরং পুলিশের বলপ্রয়োগ, বর্ণবৈষম্য এবং ঘটনার পর প্রমাণ আড়াল করার চেষ্টার মতো গুরুতর প্রশ্ন সামনে এনেছে। তাঁদের দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর জবাবদিহি ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি।