Thursday, November 19, 2026

এআইনির্ভর কর্মপরিবেশ গড়তে মাইক্রোসফটে বড় পুনর্গঠন, ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব


ছবিঃ মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কেন্দ্র করে নিজেদের কর্মপদ্ধতি ও সাংগঠনিক কাঠামো নতুনভাবে সাজাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এই পরিবর্তনের অংশ হিসেবে গত অক্টোবরে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের আরেকটি বড় উদ্যোগের পরিবর্তে কর্মীদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতেই এ প্রস্তাব দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমস আয়োজিত ডিলবুক সামিটে সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিনের সঙ্গে আলোচনায় মাইক্রোসফটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও এআই ব্যবহারের প্রভাব নিয়ে কথা বলেন নাদেলা। তাঁর বক্তব্য, কর্মীদের সরাসরি এআই দিয়ে প্রতিস্থাপন করাই প্রতিষ্ঠানের লক্ষ্য নয়; বরং প্রত্যেক কর্মী যেন এআই ব্যবহার করে কাজ করতে পারেন, সেই অনুযায়ী পুরো কর্মপরিবেশ বদলে ফেলা হচ্ছে।

সফটওয়্যার প্রকৌশলীদের উদাহরণ দিয়ে নাদেলা বলেন, একসময় ধারণা ছিল এআই দিয়ে সফটওয়্যার তৈরি করা সম্ভব নয়। পরে সেই ধারণা বদলে অনেকে মনে করতে শুরু করেন, এআই সব ধরনের সফটওয়্যার তৈরি করতে পারলে প্রকৌশলীদের আর প্রয়োজন থাকবে না। তবে বাস্তবতা হলো, সফটওয়্যার প্রকৌশল পেশার গুরুত্ব শেষ হয়ে যাচ্ছে না; বরং কাজের ধরন ও দল পরিচালনার পদ্ধতি বদলে যাচ্ছে।

নাদেলার মতে, নতুন ব্যবস্থায় প্রকৌশলীদের কাজ কেবল নিজের হাতে কোড লেখা বা সফটওয়্যার তৈরি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এআইকে নির্দেশনা দেওয়া, তার কাজ পরিচালনা করা এবং পুরো প্রক্রিয়ার তদারকিও তাঁদের দায়িত্বের অংশ হয়ে উঠবে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া অনেকের জন্য কঠিন হতে পারে বলেও স্বীকার করেন তিনি।

এআই ব্যবহারের উদাহরণ হিসেবে মাইক্রোসফট ৩৬৫ অ্যাপের ‘কোওয়ার্ক’ এআই এজেন্ট তৈরির দলের কথা তুলে ধরেন নাদেলা। তাঁর ভাষ্য অনুযায়ী, মাত্র ১১ জন ডেভেলপার নিয়ে গঠিত দলটি এআই ব্যবহারে এতটাই দক্ষ যে তারা নিজেরা সরাসরি পণ্য তৈরির পরিবর্তে এমন একটি সফটওয়্যার উৎপাদনব্যবস্থা তৈরি করেছে, যা পণ্য তৈরির কাজ সম্পন্ন করে।

ভবিষ্যতে এ ধরনের কর্মপদ্ধতি প্রায় সব পেশাতেই ছড়িয়ে পড়বে বলে মনে করেন মাইক্রোসফটের সিইও। তাঁর ধারণা, কর্মীরা সরাসরি প্রতিটি কাজ করার পরিবর্তে বিভিন্ন এআই এজেন্টকে নির্দেশনা ও তদারকি করার দায়িত্বে বেশি সময় দেবেন।

তবে ৫১ বছরের পুরোনো প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফটের পক্ষে দ্রুত এআইনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন নাদেলা। তাঁর মতে, প্রতিষ্ঠানের কাজের ধরন, কর্মপ্রবাহ এবং কাজের ফলাফল তৈরির পদ্ধতি বদলাতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। এ পরিবর্তনের মধ্যে কিছু কর্মী নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চাইতে পারেন।

গত সপ্তাহে ‘দ্য প্রাগম্যাটিক ইঞ্জিনিয়ার’ পডকাস্টে একই বিষয়ে কথা বলেন নাদেলা। সেখানে তিনি বলেন, এআই বিপ্লব নিয়ে নানা ধরনের আলোচনা কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে এআই একসময় মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে কিংবা সব ধরনের চাকরি কেড়ে নেবে এমন আশঙ্কা অনেকের মধ্যে ভবিষ্যৎ নিয়ে নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি তৈরি করছে।

নাদেলার বক্তব্য, কর্মীদের এই উদ্বেগ কমাতে শুধু পরিবর্তনের কথা বললেই হবে না; বাস্তবে সাংগঠনিক কাঠামো বদলাতে হবে, কর্মীদের নতুন দায়িত্বে যুক্ত করতে হবে এবং তাঁদের সামনে বিকল্প সুযোগ তৈরি করতে হবে।

সব মিলিয়ে, মাইক্রোসফটের স্বেচ্ছা অবসরের প্রস্তাবকে এআইকেন্দ্রিক নতুন কর্মপরিবেশ তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ব্যাখ্যা করছেন নাদেলা। নতুন ব্যবস্থায় থাকতে চাইলে কর্মীদের কাজের ধরন বদলের সঙ্গে মানিয়ে নিতে হবে; আর যাঁরা সেই পরিবর্তনের অংশ হতে চান না, তাঁদের জন্য প্রতিষ্ঠান ছাড়ার সুযোগও রাখা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন