- ১৯ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা করে সমন্বয়ের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। সংগঠনটির মতে, নিয়মিত মজুরি পর্যালোচনার ব্যবস্থা থাকলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা বজায় রাখার পাশাপাশি মজুরি নিয়ে সৃষ্ট উত্তেজনা ও বিরোধও কমানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গত ১৫ নভেম্বর পাঠানো এক চিঠিতে এসব সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি। এএএফএর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত চিঠিতে মজুরি সমন্বয়ের পাশাপাশি পোশাকশ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে এএএফএ উল্লেখ করেছে, ২০২৩ সালের পর থেকে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়নি। এ সময়ে দেশে মূল্যস্ফীতি বেড়েছে, পাশাপাশি জ্বালানির উচ্চমূল্যের কারণে পরিবারগুলোর দৈনন্দিন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবছর মজুরি পর্যালোচনার ব্যবস্থা চালু করা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
এএএফএর প্রস্তাব অনুযায়ী, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রথমত, মজুরি নিয়ে আলোচনা হতে হবে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও তথ্য-প্রমাণনির্ভর। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুসরণ করে এমন মজুরি নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকেরা তাঁদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কিছুটা বাড়তি ব্যয় করার সুযোগ পান। তবে মজুরি নির্ধারণের সময় মূল্যস্ফীতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে।
তৃতীয়ত, সরকারকে কার্যকর ও স্বচ্ছ ত্রিপক্ষীয় আলোচনা নিশ্চিত করতে হবে। নিয়মিত পর্যালোচনার মাধ্যমে শ্রমিক ও নিয়োগকর্তা উভয় পক্ষ আগে থেকেই সম্ভাব্য মজুরি সমন্বয় সম্পর্কে ধারণা পাবেন। এতে এককালীন বড় ধরনের পরিবর্তনের পরিবর্তে পরিকল্পিতভাবে মজুরি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করে সংগঠনটি।
বাংলাদেশ থেকে পোশাক কেনা আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে। এএএফএর বক্তব্য, পণ্যের মূল্য নির্ধারণের সময় শ্রমিকদের মজুরি ও শ্রম ব্যয় যথাযথভাবে হিসাবের মধ্যে রাখতে হবে। সংগঠনটি জানিয়েছে, তাদের সদস্যপ্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের প্রসঙ্গ উল্লেখ করে এএএফএ বলেছে, মজুরি পর্যালোচনার আলোচনায় অংশ নেওয়া শ্রমিক বা প্রতিনিধিদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের গ্রেপ্তার না করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছে তারা। শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, যৌথ দর-কষাকষির অধিকার এবং নির্ভয়ে মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
এএএফএর মতে, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষিত হলে মজুরি নির্ধারণকারী প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়বে। একই সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সামাজিক সংলাপ জোরদার হবে এবং আলোচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।
বাংলাদেশে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ও মজুরি পর্যালোচনার বিষয়ে সরকার, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের একসঙ্গে কাজ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে এএএফএ। সংগঠনটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে এমন একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে, যেখানে শ্রমিকদের মতামত ও দেশের অর্থনৈতিক বাস্তবতা দুই বিষয়ই গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির অনুলিপি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের কাছেও পাঠানো হয়েছে।