- ১৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের প্রবাসী আয়ের বড় একটি অংশ আসছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা মোট প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন থেকে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে উঠে এসেছে এ চিত্র।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ছয়টি উপসাগরীয় দেশ থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ, দেশের মোট প্রবাসী আয়ের প্রায় অর্ধেকের কাছাকাছি জোগান দিচ্ছে এই অঞ্চলে কর্মরত বাংলাদেশিরা।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আয় এসেছে সৌদি আরব থেকে। চার মাসে দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা মোট আয়ের ১৯ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার বা ৯ শতাংশ।
এ ছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার, কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এসেছে। মোট প্রবাসী আয়ে দেশগুলোর অবদান যথাক্রমে ৫ দশমিক ৪, ৪ দশমিক ৮, ৪ দশমিক ৩ এবং প্রায় ২ শতাংশ।
মাসভিত্তিক হিসাবেও উপসাগরীয় দেশগুলোর অবদান ধারাবাহিক ছিল। জুলাইয়ে এই ছয় দেশ থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ। আগস্টে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার বা ৪২ দশমিক ৬ শতাংশ।
সেপ্টেম্বরে উপসাগরীয় দেশগুলো থেকে এসেছে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার, যা মাসটির মোট আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ। অক্টোবরে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে। ওই মাসে মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ এসেছে এই ছয় দেশ থেকে।
উপসাগরীয় অঞ্চলের বাইরে প্রবাসী আয়ের বড় উৎসগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ইতালি। চার মাসে যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার, যা মোট আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ। মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার এবং ইতালি থেকে এসেছে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় আসা ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানেরই প্রতিফলন। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর মতে, প্রবাসীদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ছে। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও আকর্ষণীয় করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করে বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।
আরিফ হোসেন খান বলেন, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও ভূমিকা রাখছে। এই প্রবাহ অব্যাহত থাকলে লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রামের প্রবাসী নিজাম উদ্দিন ভূঁইয়াও দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এসব পদক্ষেপ প্রবাসীদের জন্য অর্থ পাঠানো আরও সুবিধাজনক করছে।
তবে প্রবাসী আয়ের প্রবাহ ধরে রাখার ক্ষেত্রে বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ, কর্মীদের আয় এবং জীবনযাত্রার ব্যয় গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের পরিধি বাড়ানোর পাশাপাশি বৈচিত্র্য আনতে হবে। কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নতুন নতুন দেশে কাজের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
রাশেদুর রহমানের মতে, কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে শ্রমবাজার সম্প্রসারণ করা গেলে প্রবাসী আয়ের ভিত্তি আরও শক্তিশালী হবে। প্রবাসী আয় শুধু বৈদেশিক মুদ্রার জোগানই বাড়ায় না, দেশের লাখ লাখ পরিবারের জীবনযাত্রা, অভ্যন্তরীণ ভোগব্যয় এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।