- ১৭ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশকে। কোনো কোনো ক্ষেত্রে এ প্রক্রিয়া শেষ হতে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এমনকি দেওয়ানি আইনি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধার করতেও তিন থেকে পাঁচ বছর প্রয়োজন হতে পারে। পাচার হওয়া অর্থের অবস্থান শনাক্ত করা, একাধিক স্তরে এর মালিকানা ও স্থানান্তরের তথ্য খুঁজে বের করা এবং সংশ্লিষ্ট দেশের আদালতে সম্পদের অবৈধ উৎস প্রমাণ করাই এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফরহানুল গণি চৌধুরী জানান, অর্থ ফেরত আনার প্রচলিত আইনি কৌশলে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে টাস্কফোর্স। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্ম যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এ ছাড়া দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে।
তিনি বলেন, দেওয়ানি প্রক্রিয়ার প্রথম পর্যায়ে বড় অঙ্কের খেলাপি ঋণের ঘটনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ব্যাংকের দেওয়া ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথি বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট মানসম্পন্ন বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।
দ্বিতীয় ধাপে ঘটনা বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে চলে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে তথ্য আছে কি না এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিকও বিদেশে অবস্থান করছেন কি না।
এ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি সম্পন্ন হওয়ার পর ঋণের নথিপত্র সরবরাহ করা হবে। সেসব নথি পর্যালোচনা করে বিদেশি প্রতিষ্ঠানগুলো আইনি পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে কি না এবং মামলার জন্য অর্থায়ন পাওয়া সম্ভব কি না, তা যাচাই করবে।
বিদেশে সম্পদের সন্ধান, তা জব্দ করা এবং সংশ্লিষ্ট দেশের আদালতে আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে বলে জানান টাস্কফোর্সের উপদেষ্টা। এ ব্যয় সামাল দিতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই ব্যবস্থায় মামলার শুরুতে ব্যাংকগুলোকে কোনো অর্থ দিতে হবে না। সম্পদ উদ্ধার করা সম্ভব হলে উদ্ধার হওয়া অর্থের একটি অংশ পাবেন মামলায় অর্থায়নকারী প্রতিষ্ঠান বা পক্ষ।
শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এ ধরনের একটি চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ফরহানুল গণি চৌধুরী বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে আইনি নথি তৈরির কাজ চলছে।
সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ফরহানুল গণি চৌধুরী জানান, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে। বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে। এসব সম্পদ জব্দের আদেশ বাংলাদেশের আদালত দিয়েছেন, তবে সংশ্লিষ্ট দেশগুলোতে তা এখনো কার্যকর হয়নি।
তিনি জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তবে এসব সম্পদের পরিমাণ প্রকাশ করেননি তিনি। জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে আরও তথ্য চেয়েছে।
উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের বিষয়টি তুলে ধরেন তিনি। ব্রিটিশ কর্তৃপক্ষ এসব সম্পদ জব্দের তথ্য প্রকাশ করেছে এবং সেগুলো নিয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান টাস্কফোর্সের উপদেষ্টা।
বাংলাদেশ থেকে তথ্য পাঠাতে দেরি হওয়ার কারণে বিদেশে সাময়িকভাবে জব্দ করা অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নও ওঠে।
জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে ওই অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। অর্থটির অবস্থান শনাক্ত করতে এখনো কাজ চলছে। তবে কত অর্থ সরানো হয়েছে বা কোন কোন দেশ এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ফরহানুল গণি চৌধুরী বলেন, একেক দেশের আইনি সহায়তা চাওয়ার ক্ষেত্রে একেক ধরনের শর্ত ও তথ্যের প্রয়োজন হয়। সে অনুযায়ী অনুরোধপত্র তৈরি করতে হয়। এ ছাড়া কূটনৈতিক চ্যানেলে অনুরোধ পাঠানোর ক্ষেত্রে দেশের ভেতরে যে সময় ব্যয় হয়, তা কমানোর উপায়ও খুঁজছে টাস্কফোর্স।
টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে ফরহানুল গণি চৌধুরী বলেন, অর্থ পাচারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তদন্তের প্রতিটি তথ্য বা অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে যেতে পারেন। তখন তাঁরা সম্পদ সরিয়ে নেওয়া বা নতুন কৌশল গ্রহণের সুযোগ পেতে পারেন। এতে অর্থ ফেরত আনার উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই টাস্কফোর্সের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।