- ১৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের রেলপথে পণ্য পরিবহনের পরিমাণ বাড়ানো এবং পুরোনো ইঞ্জিনের সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়িত হলে মিটারগেজ রুটে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে। পাশাপাশি যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সুযোগও সম্প্রসারিত হবে বলে আশা করছে রেলওয়ে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ হিসেবে দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে সংস্থাটির ঋণ থেকে।
গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ে সূত্র বলছে, বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। অথচ তুলনামূলক কম খরচে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহন করা এবং সড়কপথের ওপর চাপ কমানোর ক্ষেত্রে রেলওয়ের বড় সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় ইঞ্জিনের অভাবে সেই সম্ভাবনার পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাসসকে বলেন, রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে এখনো ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এতে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, সংস্থাটির বহরে বর্তমানে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।
রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের বয়স এরই মধ্যে ২০ বছর পেরিয়েছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরের বেশি।
দীর্ঘদিন ব্যবহারের কারণে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমেছে। পাশাপাশি পুরোনো মডেলের যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাজারে প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া যায় না। বিকল্প উপায়ে সেগুলো সংগ্রহ করতে গিয়ে সময় ও খরচ দুটিই বাড়ছে।
কোনো ইঞ্জিন বিকল হলে মেরামত করে আবার চালু করতে দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচলের স্বাভাবিক সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও কমে যায়। বিশেষ করে মিটারগেজ রুটে ইঞ্জিনের ঘাটতি রেলওয়ের নিয়মিত কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নতুন ইঞ্জিন যুক্ত হলে পুরোনো লোকোমোটিভের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে অতিরিক্ত ট্রেন পরিচালনা, সময়সূচি ঠিক রাখা এবং বিদ্যমান রেলপথের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্পের আওতায় শুধু ৩০টি নতুন লোকোমোটিভ কেনা হবে না; এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম, বিশেষায়িত টুলস এবং কারিগরি সহায়তাও সংগ্রহ করা হবে। পাশাপাশি রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, সরকার রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং তুলনামূলক সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়েছিল। পরের অর্থবছর ২০২১-২২ সালে এ পরিমাণ কমে দাঁড়ায় ৫৩ লাখ ৩৩ হাজার টনে। ২০২২-২৩ অর্থবছরে তা আরও কমে হয় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টন।
বর্তমানে রেলপথে চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল এবং বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহে রেলওয়ের কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তবে ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা, পর্যাপ্ত মালবাহী ট্রেন পরিচালনায় সীমাবদ্ধতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত দুর্বলতার কারণে এ খাতে রেলওয়ের অংশগ্রহণ প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। দ্রুত পণ্য পরিবহনের প্রয়োজনে অনেক ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান এখনো সড়কপথের ওপর নির্ভরশীল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শুধু নতুন ইঞ্জিন সংগ্রহ করলেই রেলপথে পণ্য পরিবহনের চিত্র বদলাবে না। এর পাশাপাশি ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর অবকাঠামো উন্নত করা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করতে হবে।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহের পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকা-চট্টগ্রামসহ প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগও নেওয়া হয়েছে।
রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সেই তুলনায় বর্তমান প্রকল্পে ৩০টি ইঞ্জিন সংগ্রহ করা হচ্ছে। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলেও ইঞ্জিনের সামগ্রিক চাহিদা পূরণে ভবিষ্যতে আরও লোকোমোটিভ সংগ্রহের প্রয়োজন থাকবে।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাসসকে বলেন, দেশের রেল নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। সরকার পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের মাধ্যমে এ সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করা হলে ইঞ্জিনের সংকট অনেকটা কমবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এ কাজে সময় লাগবে। তাই রেলপথের ধরন পরিবর্তনের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানো জরুরি।
রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে রূপান্তর কার্যক্রম বিলম্বিত হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল করতে পারে বলে একটি মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
নতুন ইঞ্জিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য রেলওয়ের জনবলকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও প্রকল্পে গুরুত্ব পেয়েছে। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় প্রকৌশলী ও কর্মীদের প্রশিক্ষণ এবং নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, আধুনিক প্রযুক্তির সঙ্গে রেলওয়ের কর্মীদের পরিচিতি বাড়লে ইঞ্জিনের ত্রুটি শনাক্তকরণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ আরও দক্ষতার সঙ্গে করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে বিদেশি কারিগরি সহায়তার ওপর নির্ভরশীলতাও কিছুটা কমতে পারে।
সরকারের লক্ষ্য, অবকাঠামো উন্নয়ন, আধুনিক ইঞ্জিন ও ওয়াগন সংগ্রহ এবং পরিচালন দক্ষতা বাড়ানোর মাধ্যমে রেলওয়েকে দেশের যাত্রী ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত করা। তবে নতুন ৩০টি ইঞ্জিন কেনার প্রকল্প কতটা সুফল দেবে, তা নির্ভর করবে সময়মতো বাস্তবায়ন এবং রেলপথে পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো ও সেবা সম্প্রসারণের ওপরও।