- ১৯ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় অর্থের হিসাব তৈরিতে বড় ধরনের অসংগতি ধরা পড়েছে। প্রাথমিকভাবে যে পরিমাণ অর্থের চাহিদা জানানো হয়েছিল, বাস্তবে তার চেয়ে বেশি বরাদ্দ প্রয়োজন হতে পারে। এ কারণে আগের হিসাব সংশোধন করে নতুন করে আর্থিক বিবরণী তৈরি করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সংশোধিত হিসাব পাওয়ার পর অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে আবারও প্রস্তাব পাঠানো হবে। বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।
মন্ত্রণালয় সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রাথমিক হিসাবে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছিল মাউশি। ওই হিসাবের ভিত্তিতেই অর্থ বিভাগে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়। তবে পরবর্তী সময়ে অর্থের পরিমাণ যাচাই করতে গিয়ে হিসাবটিতে বড় ধরনের ভুল ও অসংগতি নজরে আসে। এতে নতুন পে-স্কেল বাস্তবায়নে আগের ধারণার চেয়ে বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে অর্থ বিভাগ সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে হিসাবের ত্রুটির কথা জানায়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) মাউশিকে নতুন করে নির্ভুল হিসাব প্রস্তুত করে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংশোধিত হিসাব তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে নতুন হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হতে পারে।
সংশোধিত হিসাব হাতে পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় তা যাচাই করে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব অর্থ বিভাগে পাঠাবে। তবে নতুন হিসাবে আগের চেয়ে কত টাকা বেশি প্রয়োজন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে, নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা কার্যকর করতে পৃথক সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারি করতে হবে। এ প্রয়োজনীয়তার বিষয়টি ইতোমধ্যে অর্থ বিভাগকে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।