Saturday, November 21, 2026

প্রযুক্তি খাতেও বাড়ছে ‘হানিট্র্যাপ’ ঝুঁকি, লক্ষ্য কোম্পানির গোপন তথ্য


প্রতীকী ছবিঃ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

এত দিন গুপ্তচরবৃত্তির কৌশল হিসেবে ‘হানিট্র্যাপ’ বা ব্যক্তিগত সম্পর্কের ফাঁদকে মূলত রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের ক্ষেত্রে বেশি আলোচিত হতে দেখা গেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপ ও প্রযুক্তি অবকাঠামোর দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে এই ঝুঁকি ছড়িয়ে পড়ছে সিলিকন ভ্যালির করপোরেট জগতেও। এখন শুধু প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা উদ্যোক্তাই নন, গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল রয়েছে এমন কর্মীরাও হতে পারেন গুপ্তচরদের লক্ষ্য।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে কথিত সম্পর্ক ও গুপ্তচরবৃত্তির অভিযোগ সামনে আসার পর প্রযুক্তি খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক একটি নিওক্লাউড প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। ওই নারী চীনের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিপুল পরিমাণ এনভিডিয়া চিপ চীনে পাচারের অভিযোগের মুখে রয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত নয়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সফটওয়্যার প্রতিষ্ঠান লুমব্রার প্রতিষ্ঠাতা অ্যারন ব্রাউন বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সাধারণত পাল্টা গোয়েন্দা তৎপরতা বা গুপ্তচরবৃত্তির ঝুঁকি সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয় না। অতীতে এ ধরনের প্রশিক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা মূলত রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তি এবং সামরিক ও গোয়েন্দা সংশ্লিষ্টদের জন্য সীমাবদ্ধ ছিল।

ব্রাউনের মতে, এখন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও বাণিজ্যিক তথ্যের বড় অংশই রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কিংবা প্রযুক্তি অবকাঠামো নির্মাণকারী কোম্পানিগুলোর কাছে এমন সব তথ্য রয়েছে, যা অন্য দেশের প্রতিদ্বন্দ্বী বা গোয়েন্দা সংস্থার কাছে অত্যন্ত মূল্যবান। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তি রপ্তানির সিদ্ধান্ত, গ্রাহকের তালিকা এবং কারা কোন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছে এসব তথ্য সহজে পাওয়ার সম্ভাবনা থাকে।

জেনসেন হুয়াংকে ঘিরে অভিযোগ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযুক্তি খাতের আর কোন শীর্ষ কর্মকর্তা এমন ফাঁদে পড়তে পারেন, তা নিয়ে নানা রসিকতা ছড়িয়ে পড়ে। কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা, বিষয়টি শুধু শীর্ষ নির্বাহীদের মধ্যে সীমাবদ্ধ নয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই তাদের কর্মীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানের গোপন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাইরের কিছু ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারে।

পরিচালনা পর্ষদের সদস্য, জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা নির্বাহী সহকারীর মতো পদে থাকা ব্যক্তিরাও এ ধরনের প্রচেষ্টার লক্ষ্য হতে পারেন। কারণ, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল থাকলেই কেউ সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, হানিট্র্যাপ মানেই প্রেমের সম্পর্ক নয়। বন্ধুত্ব তৈরি করাও এ ধরনের কৌশলের পুরোনো ও কার্যকর পদ্ধতি। অনেক সময় সন্দেহভাজন ব্যক্তি বিনিয়োগকারী, সম্ভাব্য গ্রাহক, নিয়োগদাতা কিংবা পরামর্শক হিসেবে পরিচয় দেন। তাঁদের প্রস্তাব ও যোগাযোগের ধরন কাগজে-কলমে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডের মতোই মনে হতে পারে। লক্ষ্য থাকে ধীরে ধীরে আস্থা অর্জন করা, যাতে অপর পক্ষ স্বতঃস্ফূর্তভাবে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে শুরু করেন।

সাইবার নিরাপত্তা ও প্রতারণা বিশ্লেষক এবং নোবি৪-এর প্রধান প্রতারণা কৌশলবিদ পেরি কার্পেন্টারের মতে, সরাসরি প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থা ভাঙার চেয়ে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা অনেক সময় সহজ পথ। তাঁর মাধ্যমে এমন দরজা খোলা সম্ভব, যেখানে সাধারণভাবে প্রবেশ করা কঠিন। একবার কেউ ফাঁদে পড়েছেন বুঝতে পারলে তাঁকে ব্ল্যাকমেইল করার ঝুঁকিও তৈরি হতে পারে।

এই ঝুঁকি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও নতুন মাত্রা যোগ করেছে। আগে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে সম্পর্ক গড়ে তুলতে দীর্ঘ সময় ধরে তাঁর সম্পর্কে তথ্য সংগ্রহ, ভুয়া পরিচয় তৈরি এবং যোগাযোগের কৌশল সাজাতে হতো। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লক্ষ্য ব্যক্তির আগ্রহ ও পেশাগত পরিচয় সম্পর্কে তথ্য বিশ্লেষণ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল তৈরি, কৃত্রিম কর্মজীবনের ইতিহাস সাজানো এমনকি নকল কণ্ঠে ফোনকল তৈরিও তুলনামূলক সহজ হয়েছে।

কার্পেন্টারের ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বাসযোগ্য একটি কাল্পনিক পরিচয় ও অতীত তৈরি করা সম্ভব। তবে প্রযুক্তি কেবল প্রতারণার পরিবেশ তৈরি করে দেয়; শেষ পর্যন্ত মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্য দিয়েই এ ধরনের কৌশল কার্যকর হয়।

অ্যারন ব্রাউনের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাত জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িয়ে পড়েছে অনেক দ্রুত, কিন্তু এই খাতের নিজস্ব সংস্কৃতি সেই বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারেনি। তাঁর পর্যবেক্ষণ, হানিট্র্যাপে জড়িয়ে পড়া ব্যক্তিরা শুরুতে অনেক সময় বুঝতেই পারেন না যে তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন। বরং সম্পর্কটিকে স্বাভাবিক, আন্তরিক কিংবা সৌভাগ্যজনক বলে মনে হতে পারে।

ঝুঁকি শনাক্ত করতে কিছু অস্বাভাবিক আচরণের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেমন একই ব্যক্তির সঙ্গে বারবার কাকতালীয়ভাবে দেখা হওয়া, কাজ ও সহকর্মীদের বিষয়ে অতিরিক্ত কৌতূহল, গোপনে সাক্ষাতের অনুরোধ কিংবা প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। সময়ের সঙ্গে সঙ্গে অনুরোধের পরিধি বাড়ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ সতর্কসংকেত।

ব্রাউনের পরামর্শ, নিজেকে একটি সহজ প্রশ্ন করা যেতে পারে চাকরি হারালে বা প্রতিষ্ঠানে আর কোনো প্রভাব না থাকলে ওই ব্যক্তি কি একইভাবে যোগাযোগ রাখতেন? অন্যদিকে কার্পেন্টার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে স্পষ্ট সীমারেখা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রতিষ্ঠানের ভেতরেও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলা জরুরি বলে মনে করেন তিনি। বিশেষ করে শীর্ষ নির্বাহীদের জন্য আলাদা নিয়ম বা ব্যতিক্রমী সুবিধা রাখার প্রবণতা কমাতে হবে। কোনো অস্বাভাবিক অনুরোধ বা আচরণ নিয়ে কর্মীরা যেন নির্ভয়ে প্রশ্ন তুলতে পারেন, উদ্বেগ জানাতে পারেন এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সতর্ক করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, কোনো প্রতিষ্ঠানে প্রধান নির্বাহীর সিদ্ধান্ত বা আচরণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকলে সেটি নিরাপত্তার জন্য বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। কারণ, প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিও প্রতারণার লক্ষ্য হতে পারেন।

ব্রাউন মনে করেন, উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ খোঁজা ও ঝুঁকি নেওয়া বন্ধ করা উচিত নয়। তবে নিজেদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে সচেতন থাকা জরুরি। তাঁর বক্তব্যের সারকথা, অযথা সন্দেহপ্রবণতা নয়, বরং ঝুঁকি সম্পর্কে সচেতনতাই পারে প্রযুক্তি প্রতিষ্ঠানের গোপন তথ্য ও নিরাপত্তা রক্ষা করতে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন