Saturday, November 21, 2026

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর স্বার্থান্বেষী মহল: আমির খসরু


ছবিঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি কোনো নির্দিষ্ট পক্ষের একক দায়িত্ব নয়। অর্থনীতির অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা প্রতিহত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের স্বার্থের বিষয় নয়, বরং দেশের প্রতিটি মানুষের সঙ্গে এর স্বার্থ জড়িয়ে রয়েছে।

তিনি বলেন, অতীতে বাংলাদেশের অর্থনীতি গুটিকয়েক মানুষের নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত ছিল। সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে অর্থনীতির গণতন্ত্রায়ন করতে চায়। এর মাধ্যমে সমাজের সব শ্রেণির মানুষ যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পান এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই একটি দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত হয় না। অর্থনৈতিক ক্ষেত্রেও সবার অংশগ্রহণ এবং সমান সুযোগ তৈরি করা জরুরি।

দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে স্থিতিশীল পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বাংলাদেশ বড় ধরনের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের উপযোগী পরিবেশ ধরে রাখা সম্ভব হলে আগামী পাঁচ বছরে দেশের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের লক্ষ্য বাস্তবায়নেও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নগরে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সিটি করপোরেশনের অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের বিকাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। দেশ সবার উল্লেখ করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসকে ঘিরে অর্থমন্ত্রীর দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে ব্যবসায়ী সমাজের আগ্রহ রয়েছে। এসব গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়ন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এস এম সাইফুল আলম এক মাসব্যাপী বাণিজ্যমেলা সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন