Monday, November 23, 2026

এআইয়ের অগ্রগতি নিয়ন্ত্রণে ‘পারপ্লেক্সিটি’ মাপকাঠি ব্যবহারের প্রস্তাব ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানীর


প্রতীকী ছবিঃ ওপেন এআই (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি কতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব, তা নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনা বাড়ছে। এই প্রেক্ষাপটে এআইয়ের সক্ষমতা ও উন্নয়নের গতি পরিমাপের জন্য ‘পারপ্লেক্সিটি’কে একটি অভিন্ন মানদণ্ড হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জাকুব পাচোকি। তাঁর মতে, এই পরিমাপের ভিত্তিতে এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উন্নয়নের সীমা ও নিরাপত্তা নীতিমালা নিয়ে সমঝোতা তৈরি করা সম্ভব।

২২ নভেম্বর প্রকাশিত এক ব্লগ পোস্টে পাচোকি এ প্রস্তাব তুলে ধরেন। তিনি মনে করেন, এআইয়ের বিভিন্ন সক্ষমতা যাচাইয়ের প্রচলিত বেঞ্চমার্ক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে অল্প সময়ের মধ্যেই পুরোনো হয়ে যাচ্ছে। কিন্তু মডেল কতটা নির্ভুলভাবে পরবর্তী টোকেন বা শব্দাংশ অনুমান করতে পারে, তা পরিমাপ করে পারপ্লেক্সিটি। এই মান যত কম হয়, মডেলের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা তত ভালো বলে বিবেচিত হয়।

পাচোকির ব্যাখ্যায়, এআইয়ের উন্নয়ন বুঝতে শুধু নির্দিষ্ট কাজের পারফরম্যান্স যাচাই করলেই হবে না; মডেলের প্রশিক্ষণ পর্যায়ে ভাষা ও তথ্য অনুমান করার সামগ্রিক সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে পারপ্লেক্সিটি দীর্ঘদিন ধরে কার্যকর একটি পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

নিজের বক্তব্যের পক্ষে ওপেনএআইয়ের বিভিন্ন মডেলের পারপ্লেক্সিটি পরিবর্তনের তথ্যও তুলে ধরেছেন তিনি। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, জিপিটি-৩.৫ মডেলের লগ-পারপ্লেক্সিটি ছিল প্রায় ০.৯৯। জিপিটি-৪-এর ক্ষেত্রে তা কমে প্রায় ০.৯১-এ দাঁড়ায়। এই পর্যায়ে মডেলটি ‘চেইন অব থট’ পদ্ধতিতে যুক্তিনির্ভর কাজ করতে সক্ষম হয়ে ওঠে। আর সাম্প্রতিক মডেলগুলোর ক্ষেত্রে এই মান ০.৮-এর নিচে নেমে আসার সঙ্গে সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য সক্ষমতা দেখা গেছে বলে দাবি করেন তিনি।

পাচোকির মতে, পারপ্লেক্সিটি ০.৬৮ থেকে ০.৭-এর মধ্যে পৌঁছালে এআইয়ের আরও রূপান্তরমূলক সক্ষমতা প্রকাশ পেতে পারে। তবে সেসব সক্ষমতা কী ধরনের হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে প্রযুক্তিটি নিজেই নিজের উন্নয়নে ভূমিকা রাখতে শুরু করেছে। বিশেষ করে গবেষণা ও অ্যালগরিদম তৈরিতে এআইয়ের অংশগ্রহণ ভবিষ্যতে উন্নয়নের গতি আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন পাচোকি। তাঁর আশঙ্কা, এআই গবেষণায় বড় ধরনের অগ্রগতি ঘটলে নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা একই গতিতে এগিয়ে নিতে না পারার ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করে নিরাপত্তা মূল্যায়ন, স্বচ্ছতা এবং উন্নয়নের সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর প্রস্তাব, পারপ্লেক্সিটি ও অন্যান্য পরিমাপের ভিত্তিতে একটি অভিন্ন সীমা নির্ধারণ করা যেতে পারে। সেই সীমা অতিক্রমের আগে এআইয়ের আচরণ বোঝা, পর্যবেক্ষণ এবং ঝুঁকি শনাক্ত করার সক্ষমতায় নির্দিষ্ট অগ্রগতি অর্জন করতে হবে।

এআইয়ের উন্নয়ন ধীর করার আলোচনা সম্প্রতি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাবেক ওপেনএআই ও অ্যানথ্রপিক গবেষকদের উদ্বেগ, এআইয়ের সম্ভাব্য বিপজ্জনক প্রভাব এবং প্রযুক্তিটির ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক চলছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইও উন্নত এআই প্রযুক্তির অগ্রগতিতে নিয়ন্ত্রিত গতি বজায় রাখা এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরির পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে পারপ্লেক্সিটিকে একক মানদণ্ড হিসেবে ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে বলে স্বীকার করেছেন পাচোকি। বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন তথ্যভান্ডার ও প্রশিক্ষণপদ্ধতি ব্যবহার করায় তাদের মডেলের পারপ্লেক্সিটি সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। এ ছাড়া এই পরিমাপ মডেলের সব ধরনের সক্ষমতা তুলে ধরে না। বিশেষ করে প্রশিক্ষণ-পরবর্তী যুক্তি প্রয়োগ বা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে অর্জিত উন্নতি এতে পুরোপুরি প্রতিফলিত হয় না।

সব সীমাবদ্ধতা সত্ত্বেও এআইয়ের অগ্রগতি পরিমাপ এবং নিরাপত্তা নীতিমালা তৈরিতে পারপ্লেক্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী। তাঁর প্রস্তাব বাস্তবায়িত হলে ভবিষ্যতে এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে উন্নয়নের গতি ও নিরাপত্তা নিয়ে সমন্বিত নীতিমালা তৈরির পথ তৈরি হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন