Monday, November 23, 2026

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতিঃ বিজিএমইএ


প্রতীকী ছবিঃ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

তৈরি পোশাকশিল্পে শ্রমিক আন্দোলনের প্রভাবে গত ১৮ দিনে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির হিসাবে, গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে দেশের ৩১৭টি পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ায় ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিজিএমইএ। সংগঠনটি জানায়, ক্ষতিগ্রস্ত ৩১৭টি কারখানার ওপর চালানো জরিপে দেখা গেছে, নভেম্বরের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটি সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, আন্দোলনের কারণে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে নতুন ও চলমান ক্রয়াদেশে। নিশ্চিত হওয়া ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ ইতোমধ্যে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ক্রয়াদেশের আর্থিক মূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

তবে সংগঠনটির আশঙ্কা, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণই চূড়ান্ত নয়। কারণ, আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৬০০টির বেশি কারখানার মধ্যে মাত্র ৩১৭টির তথ্য জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা ছাড়া জরিপের সময়সীমা ছিল মাত্র ১৮ দিন। ফলে প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে মনে করছে বিজিএমইএ।

বিবৃতিতে সংগঠনটি আরও উল্লেখ করেছে, শ্রমিক আন্দোলনের প্রভাব শুধু উৎপাদন ও রপ্তানির আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তিও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অস্থিরতা অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনই নির্ধারণ করা কঠিন।

বিজিএমইএর মতে, ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনাই পরিস্থিতির প্রভাবের একটি স্পষ্ট উদাহরণ। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখাও এখন পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন