Monday, November 23, 2026

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড


ফাইল ছবিঃ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আজ সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হয়ে যাওয়া বোর্ডের তৃতীয় এই সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার পাশাপাশি নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সকাল সাড়ে ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে সভার বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। আলোচ্যসূচিতে রয়েছে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব গ্রহণ এবং পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। ফলে আজকের বৈঠকে মালিকপক্ষের প্রস্তাবকে ঘিরে বিশেষ গুরুত্ব থাকছে।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা সেদিন কোনো প্রস্তাব জমা না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় চান। পরে বোর্ড তাঁদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এবার নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া চলছে, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

আজকের বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব এবং শ্রমিকপক্ষের দাবির মধ্যে সমন্বয় করে নতুন মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন