- ২২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ব্যাংক পরিচালকদের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, একজন পরিচালক টানা ছয় বছরের বেশি কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। বর্তমানে এ মেয়াদ ১২ বছর। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের সংখ্যা কমানো, স্বতন্ত্র পরিচালকের অংশগ্রহণ বাড়ানো এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের কথা রয়েছে।
ব্যাংক খাতে অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের মালিকানা কাঠামো ও পরিচালনা পর্ষদের কার্যক্রমে জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি একটানা ছয় বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর একই ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরতে চাইলে তাঁকে অন্তত তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে একজন পরিচালকের সর্বোচ্চ দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর।
পরিচালকদের মেয়াদ নিয়ে এর আগে কয়েক দফা আইন সংশোধন করা হয়েছে। ২০১৮ সালের আগে টানা দায়িত্ব পালনের সর্বোচ্চ সীমা ছিল ছয় বছর। ওই বছর সংশোধনের মাধ্যমে তা বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে আরেক দফা পরিবর্তনে মেয়াদ নির্ধারণ করা হয় ১২ বছর।
ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর বিষয়টিও সংশোধনীতে গুরুত্ব পেয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন পরিচালক থাকার সুযোগ থাকলেও নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কোম্পানির মনোনীত পরিচালকের সংখ্যাও সর্বোচ্চ দুজন থেকে কমিয়ে একজন করার প্রস্তাব রয়েছে।
পর্ষদের মোট সদস্যসংখ্যা সর্বোচ্চ ২০ জন রাখার বিধান অপরিবর্তিত থাকছে। তবে বাড়ানো হচ্ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা। প্রস্তাব অনুযায়ী, ২০ সদস্যের পরিচালনা পর্ষদে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। বর্তমানে এ সংখ্যা তিনজন। অন্যদিকে, ২০ জনের কম সদস্যবিশিষ্ট পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব করা হয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্যতার ক্ষেত্রেও কঠোর শর্ত যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিধান অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি ওই ব্যাংক বা ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নিয়োগের পরও এমন স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না।
ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমানোর লক্ষ্যেও নতুন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।
পরিচালকদের পর্ষদ সভায় অনুপস্থিতির বিষয়েও বিধিনিষেধ আনার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত ১৭ক ধারা অনুযায়ী, কোনো পরিচালককে টানা তিন মাসের বেশি সময়ের জন্য পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না। এ ধরনের ছুটি বছরে একবারের বেশি নেওয়ার সুযোগও রাখা হচ্ছে না।
ব্যাংকের শেয়ার ধারণের সীমা নিয়েও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি কিংবা একই পরিবারের সদস্যরা একক বা যৌথভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ উপায়ে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করতে পারেন না। তবে সংশোধনী খসড়ায় দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীদের শেয়ার ধারণের সীমা নির্ধারণ করতে পারবে। পাশাপাশি বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা এবং প্রয়োজনীয় শর্তও নির্ধারণ করতে পারবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংক কোম্পানি আইনের প্রাথমিক সংশোধনী খসড়ার সঙ্গে বর্তমান প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আগের খসড়ায় পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ১৫ জনে সীমিত রাখা এবং মোট পরিচালকের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব ছিল। নতুন খসড়ায় সেই অবস্থান থেকে সরে এসে পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জন রাখার পাশাপাশি স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হলে ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন, পরিচালকদের মেয়াদ এবং মালিকানায় পারিবারিক প্রভাবের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। তবে সংশোধনীগুলো কার্যকর হওয়ার জন্য মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।