- ২৩ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি ব্যাংকটি।
রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটির দেওয়া ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।
ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই খবরের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা জানতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই।
জবাবে ব্যাংকটি জানায়, শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের আগ্রহ বা এ-সংক্রান্ত কোনো উদ্যোগ সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহের কথা জানানো হলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার অথবা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা রাষ্ট্রের হাতে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ব্যাংক কর্তৃপক্ষের সর্বশেষ বক্তব্যে সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব পাওয়ার বিষয়টি নাকচ করা হয়েছে। ফলে ইসলামী ব্যাংকে রাষ্ট্রীয় বিনিয়োগ ও মালিকানা পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।