- ২৩ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। একই অভিযানে অস্ত্র পরিবহনে ব্যবহৃত রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, রোববার সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার নতুন যুদ্ধজাহাজ ‘মেরকুরি’তে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলায় জাহাজটি ডুবে যায়। এ সময় রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।
এই অভিযানকে রাশিয়ার চলমান যুদ্ধের জবাবে ইউক্রেনের একটি ‘দৃষ্টান্তমূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি।
যুদ্ধজাহাজের পাশাপাশি রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘আঙ্গারা’ও হামলার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বেনগাজি বন্দরে অবস্থানকালে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেনগাজির পূর্বাঞ্চলীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য বেনগাজি বন্দরে থেমেছিল। ড্রোন হামলায় জাহাজটি আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে পূর্বাঞ্চলীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কাউকে শনাক্ত করেনি।
এদিকে লিবিয়ার উপকূলে দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।
সংস্থাটি বলেছে, লিবিয়াকে বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে দেওয়া উচিত নয়। অন্যদিকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়।
উল্লেখ্য, ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিকভাবে বিভক্ত। বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলে ত্রিপোলিভিত্তিক সরকার এবং পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী একটি প্রশাসন কার্যক্রম পরিচালনা করছে। এই বিভক্তির মধ্যে রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব লিবিয়ার ভূখণ্ড ও জলসীমায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।