Monday, November 23, 2026

আপিল বিভাগের আদেশে কাটল ভর্তি পরীক্ষার আইনি জটিলতা, ৫ ডিসেম্বরই ঢাবির পরীক্ষা


প্রতীকী ছবিঃ ঢাবির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে পারবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মেডিকেল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের নির্ধারিত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম পরিচালনায় আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। অন্যদিকে, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত রয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

এর আগে গত ১৮ নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করা হয়।

হাইকোর্টের আদেশে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া এবং উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যোগ্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করার সুযোগ দিতে বলা হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুসরণের নির্দেশনাও ছিল।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ১৯ নভেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। একই সঙ্গে ২৩ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়। তবে সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি।

উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচির অসামঞ্জস্যের অভিযোগে রিটটি করা হয়েছিল।

গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট আবেদন করেন। আবেদনে বলা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৩ ডিসেম্বর।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকায় সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন বলে রিটে আশঙ্কা প্রকাশ করা হয়।

রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার অনুরোধ জানিয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেয়নি।

সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সব যোগ্য শিক্ষার্থী যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সমান সুযোগ পান, সে লক্ষ্যেই ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে আপাতত বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ খুলেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন