- ২২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এবার ভর্তির ন্যূনতম যোগ্যতা নির্ধারণে জিপিএর শর্ত কিছুটা শিথিল করার সম্ভাবনাও রয়েছে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পুনর্নিরীক্ষণের ফলসহ কয়েকটি বিষয় চূড়ান্ত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে।
এর আগে ভর্তি আবেদনের সময়সূচি নির্ধারণের বিষয়ে তিনি জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পরও যেন শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ২৯ বা ৩০ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলেও শিক্ষার্থীরা যাতে আবেদন করতে পারেন, সে অনুযায়ী সময় নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষার নীতিমালায় কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) মূলত ভর্তির ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখে। সংস্থাটির নির্বাহী কমিটির এক সদস্য জানিয়েছেন, চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কম হওয়ায় ভর্তির যোগ্যতার শর্ত কিছুটা শিথিল করা হতে পারে।
ওই সদস্যের মতে, পরীক্ষায় পাসের হার কম বা বেশি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিবছর ভর্তির যোগ্যতা নির্ধারণে কিছুটা সমন্বয় করা হয়। তবে এবার কী পরিমাণ পরিবর্তন আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি নীতিমালা চূড়ান্ত হতে পারে। এবার নীতিমালায় কিছু পরিবর্তন আনা হবে। বিশেষ করে ভর্তির ক্ষেত্রে জিপিএর মান সামান্য কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
তবে জিপিএর শর্ত কতটা কমানো হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না এমন প্রশ্নে বিএমডিসি সভাপতি জানান, এ ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন শুরুর ও শেষ তারিখ, পরীক্ষার নম্বর বণ্টন এবং আবেদনের যোগ্যতার বিস্তারিত জানা যাবে। ফলে নতুন নীতিমালার অপেক্ষায় রয়েছেন মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।