Monday, November 23, 2026

বাহরাইনের শিল্পকারখানায় ইরানের হামলার অভিযোগ, মার্কিন রাডার লক্ষ্যবস্তু করার দাবি তেহরানের


ছবিঃ ২১ নভেম্বর, ২০২৬ তারিখে বাহরাইনের সিত্রাতে একটি বেসামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; মানামার ভাষ্যমতে, এটি ছিল ইরানের একটি হামলা। (সংগৃহীত । আল আজিরা /রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার অভিযোগ উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ওই স্থাপনায় আগুন ধরে যায় এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরান থেকে আসা একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে।

মন্ত্রণালয় জানায়, হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগে। এতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছিলেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। তবে স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, ইরানের আইআরজিসি দাবি করেছে, দেশটির আকাশসীমা লঙ্ঘন এবং হরমুজ প্রণালির কাছে হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে মার্কিন সেনাবাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুটি রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। ইরানের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি একাধিকবার হামলার লক্ষ্য হয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যেও তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলার খবরের মধ্যেই বাহরাইনের এই ঘটনা ঘটল। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যুদ্ধ শুরুর আগে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে প্রণালিটি ঘিরে ইরানের অবরোধ প্রচেষ্টা এবং ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে নৌযানগুলোকে পাহারা দিচ্ছে। তবে আইআরজিসি দাবি করেছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর জাহাজ পাহারা ও আকাশপথে সুরক্ষা দেওয়ার অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এসব অভিযানে মার্কিন সামরিক সরঞ্জাম এবং তাদের সুরক্ষায় থাকা জাহাজের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা।

গত মাসে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে মার্কিন বাহিনী।

সামরিক উত্তেজনার মধ্যেই ইরানকে ঘিরে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার জানান, কাতারের একটি প্রতিনিধিদল আগের সন্ধ্যায় তেহরান সফর করে দুই ঘণ্টার বৈঠক করেছে। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আঞ্চলিক পর্যায়ে চলমান আলোচনাকে সুযোগ দেওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের অবরোধ যৌক্তিক উপায়ে প্রত্যাহার করা প্রয়োজন। তাঁর ভাষ্য, ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ে আলোচনা কিংবা সেটি খুলে দেওয়ার বিষয়টি অর্থবহ হবে না।

ইরানের দাবির মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, জব্দ করা সম্পদ অবমুক্ত, তেলবাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের অবসান।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এ ক্ষেত্রে ১১ মার্চ গৃহীত নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়েছে দেশটি। ওই প্রস্তাবে উপসাগরীয় দেশ ও জর্ডানের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে সংঘাত এবং সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসিম মোহাম্মদ আল-বুদাইউই বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্থাপনা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা উপসাগরীয় দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অংশ। হামলার জবাবে বাহরাইন যেসব ব্যবস্থা নেবে, সেগুলোর প্রতিও জিসিসির সমর্থন থাকবে।

জর্ডানও এ হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে বাহরাইনের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী এবং পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন