Monday, November 23, 2026

সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ইইউর উদ্যোগ, মানবাধিকার নিয়ে উদ্বেগ


ছবিঃ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়ন ও আঞ্চলিক অংশীদারদের এক শীর্ষ সম্মেলনে ২৪ এপ্রিল, ২০২৬ (সংগৃহীত । আল জাজিরা /ইয়ানিস কুর্তোগলু/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

দীর্ঘ ১৫ বছরের স্থগিতাবস্থা কাটিয়ে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির নতুন সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে আলোচনা এগিয়ে নিচ্ছে উভয় পক্ষ। তবে এই উদ্যোগের আড়ালে মানবাধিকার ও সিরিয়ার পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত হওয়ার আশঙ্কা করছেন ইউরোপের বর্তমান ও সাবেক কয়েকজন কূটনীতিক। তাঁদের উদ্বেগ, ইউরোপে ডানপন্থী রাজনৈতিক শক্তির উত্থানের কারণে সিরিয়ার সঙ্গে সম্পর্কের আলোচনায় শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোই প্রধান অগ্রাধিকার হয়ে উঠতে পারে।

২০১১ সালে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হলে তা কঠোরভাবে দমন করে দেশটির সরকার। এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘ গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও মানবিক বিপর্যয়ের পর আসাদ সরকারের পতন ঘটে। বর্তমানে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী।

গত ১৬ নভেম্বর ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস এক বিবৃতিতে বলেন, সিরিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য, রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে দ্রুত একটি কাঠামো তৈরি করাই তাঁদের লক্ষ্য। দেশটির পুনর্গঠন ও সফল রাজনৈতিক উত্তরণের জন্য বিনিয়োগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, আলোচনায় সিরিয়ার অন্যতম প্রধান লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের অবশিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার। অন্যদিকে ইউরোপের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরণার্থীদের প্রত্যাবাসন। ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে সিরিয়ার যুদ্ধের কারণে ১০ লাখের বেশি মানুষ ইউরোপে আশ্রয় নিয়েছেন। ফলে অভিবাসন ইস্যুটি ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে।

সিরীয় বংশোদ্ভূত সাবেক ফরাসি কূটনীতিক ও টিমিওস অ্যান্ড কোম্পানির মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান ইয়াদ জাবের আলজাজিরাকে বলেন, ইউরোপে অভিবাসন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। বিশেষ করে ডানপন্থী ও কট্টর ডানপন্থী দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়ায় অভিবাসন নিয়ে বক্তব্য ও নীতিতে পরিবর্তন আসছে।

ইউরোপের সঙ্গে সিরিয়ার সহযোগিতার ইতিহাস বেশ পুরোনো। ১৯৭৮ সালে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের (ইইসি) সঙ্গে সিরিয়ার প্রথম সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন হাফেজ আল-আসাদ। চুক্তিটির মূল লক্ষ্য ছিল সিরিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।

২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়ন ও সিরিয়ার মধ্যে একটি অ্যাসোসিয়েশন চুক্তির প্রস্তাব দেওয়া হলেও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে তা চূড়ান্ত হয়নি। ২০১১ সালে বিক্ষোভ দমনে আসাদ সরকারের কঠোর অবস্থানের পর ইইউ সম্পর্ক স্থগিত করে। একই সঙ্গে সিরিয়ায় কূটনৈতিক কার্যক্রম বৈরুতে সরিয়ে নেওয়া হয় এবং আসাদ সরকারের কর্মকর্তাদের সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

তবে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় ইইউ। গত বছর দেশটির ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় সংস্থাটি। যদিও কিছু দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানির নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ার জন্য দুই বছরে ৬২০ মিলিয়ন ইউরোর একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন। মে মাসে সিরিয়ার সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপও অনুষ্ঠিত হয়। বর্তমানে দুই পক্ষের কর্মকর্তারা সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির আইনি ও কারিগরি দিক নিয়ে কাজ করছেন। চুক্তিটি কার্যকর হলে মুক্ত বাণিজ্য, রাজনৈতিক সংলাপ এবং বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

এদিকে ইউরোপের কয়েকটি দেশ সিরিয়ায় নিজেদের দূতাবাস বা কূটনৈতিক মিশন পুনরায় চালুর বিষয়টিও বিবেচনা করছে। শনিবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা স্যালি শোবাত ইউরোপীয় বহিঃসম্পর্ক বিভাগের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের প্রধান জোনাস জোনসনের সঙ্গে বৈঠক করেন। এর আগে ফ্রান্স, সাইপ্রাস ও বেলজিয়ামের কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনা হয়।

সম্পর্ক স্বাভাবিক করার আলোচনায় নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আইএসআইএলের (আইএসআইএস) বিরুদ্ধে লড়াই এবং জ্বালানি পরিবহনের সম্ভাব্য করিডর হিসেবে সিরিয়ার অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করছে ইউরোপ।

এপ্রিলে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় সিরিয়া ও ইউরোপীয় কর্মকর্তাদের অনানুষ্ঠানিক বৈঠকের পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ইউরোপের যেমন সিরিয়াকে প্রয়োজন, তেমনি সিরিয়ারও ইউরোপকে প্রয়োজন।

একই মাসে তিনি ‘ফোর সিজ অ্যান্ড নাইন করিডরস’ নামে একটি যোগাযোগ ও জ্বালানি পরিবহন উদ্যোগের প্রস্তাব দেন। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চল, কাস্পিয়ান সাগর, ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে সিরিয়া-তুরস্কের পাইপলাইন এবং স্থলপথের করিডরের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানি পরিবহনব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বাণিজ্যিক সম্পর্ক নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার বাজারে নিজেদের পণ্যের প্রবেশাধিকার বাড়াতে চাইতে পারে। এতে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা থাকলেও সিরিয়ার স্থানীয় শিল্প ও উৎপাদকরা প্রতিযোগিতার চাপে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ইয়াদ জাবেরের মতে, ইউরোপে সিরিয়ার রপ্তানির পরিমাণ এখনো সীমিত। দেশটি মূলত কৃষিপণ্য ও কিছু ওষুধ রপ্তানি করে। ফলে ইউরোপীয় পণ্যের জন্য বাজার উন্মুক্ত করার আগে সিরিয়ার রপ্তানিকারকরা ইউরোপের বাজারে কী ধরনের সুবিধা পাবেন, তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় ইউরোপীয় পণ্য সহজে সিরিয়ার বাজারে প্রবেশ করলেও সিরীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক ও অন্যান্য বাধা থেকে যেতে পারে।

এ ছাড়া আসাদ সরকারের আমলে ইউরোপের বিভিন্ন দেশে সরিয়ে নেওয়া সম্পদের বিষয়টিও আলোচনায় আসতে পারে। জাবেরের ধারণা, এসব সম্পদের মূল্য কয়েক হাজার কোটি ডলার হতে পারে।

আসাদ সরকারের পতনের পর ইউরোপের কয়েকটি দেশ সিরীয় নাগরিকদের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছিল। তাদের যুক্তি ছিল, যুদ্ধ ও সাবেক সরকারের কারণে সৃষ্ট ঝুঁকি আগের মতো নেই। তবে সিরিয়ার বাস্তব পরিস্থিতি এখনো শরণার্থীদের নিরাপদে ফেরার জন্য পুরোপুরি উপযোগী কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ইউরোপে গত এক দশকের বেশি সময় ধরে অভিবাসন একটি বড় রাজনৈতিক বিতর্কের বিষয়। বিভিন্ন দেশে কট্টর ডানপন্থী দল ও আন্দোলনের প্রভাব বাড়ায় শরণার্থীদের ফেরত পাঠানোর দাবি আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে, শুধু রাজনৈতিক মধ্যপন্থী সরকারই নয়, ইউরোপের মূলধারার রাজনীতিতেও অভিবাসন নিয়ে কঠোর অবস্থান বাড়ছে।

এক সাবেক ইউরোপীয় কূটনীতিক আলজাজিরাকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে ডানপন্থী জনতাবাদী নেতৃত্বাধীন সরকারের সংখ্যা বাড়ছে। এসব সরকার সিরিয়ার জটিল রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে বিস্তৃতভাবে কাজ করতে আগ্রহী নয়। বরং তারা সিরিয়াকে অভিবাসন সমস্যার সীমিত দৃষ্টিকোণ থেকে দেখছে।

তিনি আরও বলেন, ইউরোপে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের অনেক ক্ষেত্রে বোঝা হিসেবে বিবেচনা করা হয়। অথচ তাঁদের বড় একটি অংশ ইউরোপের অর্থনীতি ও সংস্কৃতিতে ইতিবাচক অবদান রেখেছেন।

এদিকে আসাদ সরকারের পতনের পর প্রায় ১০ লাখ সিরীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। তাঁদের অধিকাংশই লেবানন, তুরস্ক ও জর্ডানের মতো প্রতিবেশী দেশ থেকে ফিরেছেন। তবে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো, আবাসন সংকট এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিয়ার পুনর্গঠন এখনো ধীরগতিতে চলছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি ও যোগাযোগবিষয়ক সমন্বয়ক তারিক আজিজ সতর্ক করে বলেন, সিরিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক গভীর করার বিনিময়ে শরণার্থীদের ফেরত পাঠানোকে কোনোভাবেই শর্তে পরিণত করা উচিত নয়।

তিনি বলেন, দেশে ফিরে যাওয়া অনেক সিরীয় এখনো প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং প্রত্যাশার চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। সীমিত সম্পদের ওপর চাপ ও প্রতিযোগিতা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও উত্তেজনা তৈরি করছে।

তারিক আজিজের মতে, প্রত্যাবাসন দ্রুত করার আগে দেশে ফিরে যাওয়া মানুষ এবং যুদ্ধের সময় দেশ ছাড়েননি এমন উভয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সেবা ও অবকাঠামোয় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। তা না হলে যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলে ইউরোপ সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে, সেই লক্ষ্যই বাধাগ্রস্ত হতে পারে।

সব মিলিয়ে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। বাণিজ্য, নিরাপত্তা ও রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি মানবাধিকার, শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের বিষয়গুলো কীভাবে সমন্বয় করা হবে, তার ওপরই নির্ভর করছে এই নতুন সম্পর্কের ভবিষ্যৎ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন