- ২৩ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা, হুমকি ও হয়রানির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে ৩৫০ শতাংশ। এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল’ (পিএইচআরআই) প্রকাশিত এক প্রতিবেদনে।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি চিকিৎসাসেবা দিতে গিয়ে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ক্রমাগত বাধা ও সহিংসতার মুখে পড়তে হচ্ছে। এমনকি চিকিৎসাকর্মীদের পোশাক ও পরিচয় স্পষ্ট থাকার পরও তাঁদের অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর কাছে যেতে বাধা দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের ওপর শারীরিক হামলা, অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন এবং অপমানজনক তল্লাশির অভিযোগও পাওয়া গেছে।
প্রতিবেদন তৈরির অংশ হিসেবে ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে নাবলুস এলাকার এক প্যারামেডিক নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, আহত এক ব্যক্তির কাছে পৌঁছানোর মতো দূরত্বে অবস্থান করলেও ইসরায়েলি সেনারা তাঁকে এগোতে দেননি। আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে মারা যান। পরে সেনারা সরে গেলে চিকিৎসাকর্মীরা তাঁর কাছে পৌঁছাতে সক্ষম হন।
সাক্ষাৎকারে অংশ নেওয়া চিকিৎসাকর্মীরা জানান, দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের শারীরিক নির্যাতন, বন্দুকের মুখে হুমকি, গালিগালাজ ও অপমানজনক আচরণের শিকার হতে হচ্ছে। প্রতিটি জরুরি ফোনকল কিংবা রোগীর কাছে যাওয়ার সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।
একজন অ্যাম্বুলেন্সচালক নিজের উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিটি ফোনকলই যেন ঝুঁকি নিয়ে সাড়া দেওয়ার বিষয়। বাড়ি থেকে বের হওয়ার পর আবার নিরাপদে ফিরতে পারবেন কি না, সেই নিশ্চয়তাও নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ঘটনায় চিকিৎসাকর্মীদের নিজেদের ওপর হামলা ও হুমকি চলতে থাকা অবস্থাতেই আহত রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে। এতে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিবেদনটির লেখক ইমরান আনাতি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তাঁর ভাষায়, এটি বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়; বরং ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসাসেবার ওপর একটি ধারাবাহিক ও পরিকল্পিত আক্রমণ। এ পরিস্থিতির দায় ইসরায়েলকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবা খাতে ২৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ঘটনায় চিকিৎসা পরিবহন, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচল বাধাগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি চেকপোস্ট ও সড়ক অবরোধের কারণে অ্যাম্বুলেন্সগুলোকে প্রায়ই দীর্ঘ পথ ঘুরে হাসপাতালে পৌঁছাতে হয়। এতে জরুরি রোগীদের চিকিৎসা পেতে দেরি হচ্ছে। কোনো কোনো রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন। এমনকি অন্তঃসত্ত্বা নারীদেরও হাসপাতালের বাইরে সন্তান জন্ম দিতে বাধ্য হওয়ার ঘটনা ঘটছে।
এর আগে পিএইচআরআই সতর্ক করে জানিয়েছিল, অধিকৃত পশ্চিম তীরের স্বাস্থ্যব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ার দিকে যাচ্ছে। নতুন প্রতিবেদনে চিকিৎসাকর্মীদের ওপর হামলা ও জরুরি সেবা বাধাগ্রস্ত হওয়ার যে চিত্র উঠে এসেছে, তা ওই সংকটের গভীরতা আরও স্পষ্ট করেছে।