Sunday, November 22, 2026

ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবি আউনের, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান


ছবিঃ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন (মাঝখানে) এবং তাঁর স্ত্রী নেহমাত আউন, ২ ডিসেম্বর, ২০২৫ তারিখে লেবাননের বৈরুতে (সংগৃহীত । আল আজিরা /আদ্রি সালিদো/গেটি)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাব ও হস্তক্ষেপের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের দখল করা এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবানিজ নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া এক ভাষণে আউন বলেন, দেশটি বর্তমানে দুটি বড় সংকটের মুখে রয়েছে। এর একটি হলো লেবাননের ভূখণ্ডের কিছু অংশে ইসরায়েলের দখলদারত্ব, অন্যটি হলো বিদেশি শক্তির হস্তক্ষেপ। তাঁর অভিযোগ, ইরানের শাসনব্যবস্থার প্রভাবশালী কিছু পক্ষ অস্ত্র সরবরাহ ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করছে।

আউনের ভাষায়, এই দুটি সংকট একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে দেশটি প্রকৃত অর্থে স্বাধীনতা উদ্‌যাপনের সুযোগ পাচ্ছে না।

ইসরায়েলের উদ্দেশে লেবাননের প্রেসিডেন্ট বলেন, দেশটির প্রতিটি ইঞ্চি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং আটক লেবানিজ নাগরিকদের ফিরিয়ে দিতে হবে। ইসরায়েলের বিভিন্ন বন্দিশিবিরে লেবাননের কয়েক ডজন নাগরিক আটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে বেসামরিক ব্যক্তি ছাড়াও দক্ষিণ লেবাননে সংঘাতের সময় আটক হওয়া হিজবুল্লাহর সদস্য রয়েছেন।

ভাষণে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও পুনর্ব্যক্ত করেন আউন। তিনি স্পষ্ট করে বলেন, বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত বা তাদের স্বার্থে ব্যবহৃত কোনো অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারবে না। এ প্রসঙ্গে তিনি অস্ত্রধারীদের উদ্দেশে বলেন, অস্ত্র রাষ্ট্রের কাছে সমর্পণ করতে হবে।

লেবাননের সরকার দীর্ঘদিন ধরে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সংগঠনটির অস্ত্রভান্ডার দেশটির জাতীয় সেনাবাহিনীর সামরিক সক্ষমতার চেয়েও বড় বলে মনে করা হয়। অন্যদিকে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নিজেদের অস্ত্র রাখার পক্ষে অবস্থান নিয়েছে হিজবুল্লাহ।

গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে রাজি না হওয়া এবং ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় সমঝোতা বাস্তবায়নে অগ্রগতি থমকে আছে।

এদিকে শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিনত জবেইল ও মারজায়ুন এলাকায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, বিনত জবেইল জেলার বারাআচিট শহরের উপকণ্ঠে একটি বিমান হামলা চালানো হয়। ভোরের দিকে শহরটিতে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ এবং আশপাশে সামরিক যান চলাচলের খবরও পাওয়া গেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ জেলার কাফর তেবনিত শহরে প্রথম ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত না হওয়ায় পরে সেখানে দ্বিতীয়বার হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এ ছাড়া মারজায়ুন জেলার ওয়াদি আল-খিয়ামে ইসরায়েলি বাহিনী তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এসব বিস্ফোরণের বিস্তারিত কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের আরও হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় মোট ৮ হাজার ৯৫৩ জন নিহত এবং ৩০ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন