Sunday, November 22, 2026

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪ ফিলিস্তিনি


ছবিঃ ২১ নভেম্বর, ২০২৬ তারিখে গাজা শহরের পশ্চিমে তেল আল-হাওয়া এলাকার আল-সিনায়া রাস্তায়, বাস্তুচ্যুত মানুষদের জন্য খাদ্য সহায়তা বহনকারী একটি ভ্যান ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়। এতে তিনজন নিহত হন। একজন ফিলিস্তিনি ব্যক্তি সেই ভ্যানটির রক্তমাখা লগবুকটি ধরে আছেন। (সংগৃহীত । আল জাজিরা /এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলায় প্রাণ হারান অন্তত তিনজন। পৃথক ঘটনায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছে হালাওয়া আশ্রয়শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আরও এক ফিলিস্তিনি।

একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক যুবককে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাল আল-হাওয়া এলাকায় হামলার শিকার গাড়িটি বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণের কাজে ব্যবহৃত হচ্ছিল। প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি শিশুদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের জন্য থামতে যাচ্ছিল। ঠিক সেই সময় ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির ভেতরে থাকা কাগজপত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

হালাওয়া আশ্রয়শিবিরে নিহত ব্যক্তিকে পরে গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন আল-জাজিরার সংবাদদাতা ইব্রাহিম আল-খলিলি। তাঁর ভাষ্য, যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের দৈনন্দিন জীবনে নিরাপত্তার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। ইসরায়েলি হামলা ও গুলির ঘটনা এখনো তাঁদের বাস্তবতার অংশ হয়ে রয়েছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৬০০ বারের বেশি।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়েছে। শুক্রবার রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে একটি অবৈধ ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন ৪২ বছর বয়সী হামজা মাসউদ সালিম আবদো।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তির মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে রেখেছে। একই ঘটনার সময় আরও এক ফিলিস্তিনিকে আটক করা হয়।

পশ্চিম তীর থেকে আল-জাজিরার সংবাদদাতা নূর ওদেহ জানান, সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় জবাবদিহির ঘাটতি রয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব হামলার তদন্ত করে, তার ৩ শতাংশেরও কম ঘটনায় আংশিক বা পূর্ণ দণ্ডের নজির রয়েছে। হামলার শিকার অনেক ফিলিস্তিনি অভিযোগ জানাতে গেলে উল্টো হয়রানি বা জিজ্ঞাসাবাদের মুখে পড়েন বলেও তিনি উল্লেখ করেন।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছে ইসরায়েলের কয়েকটি মিত্র দেশ, যার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, এসব নিন্দার সঙ্গে বাস্তব পদক্ষেপের যথেষ্ট মিল নেই।

এ মাসের শুরুতে আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে নতুন করে ১ কোটি ৪৪ লাখ ডলারের সরকারি চুক্তি দিয়েছে যুক্তরাজ্য। অথচ এর আগে এসব বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল দেশটি। বসতি সম্প্রসারণে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ব্রিটিশ সরকার।

গাজায় চলমান সহিংসতার পাশাপাশি শীতকালীন বৃষ্টি ও বন্যা বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। আশ্রয়শিবিরে থাকা হাজারো তাঁবু পানিতে ডুবে যাওয়ায় দেখা দিয়েছে নতুন সংকট। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, রান্নার জ্বালানি না থাকায় অনেক ফিলিস্তিনিকে খাবার রান্নার জন্য আবর্জনা পোড়াতে হচ্ছে। কিন্তু বৃষ্টিতে সেই আবর্জনাও ভিজে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।

ফিলিস্তিনে ডব্লিউএফপির পরিচালক শন হিউজ বলেন, আগে রান্নার জন্য যে আবর্জনা ব্যবহার করা যেত, এখন সেটিও ভিজে গেছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মিসরে প্রস্তুত থাকা এক লাখের বেশি তাঁবু ইসরায়েলের আরোপিত কঠোর শর্তের কারণে গাজায় প্রবেশ করতে পারছে না। তাঁবুর মাঝের খুঁটির ব্যাস কত হবে, তা নিয়েও বিধিনিষেধ রয়েছে। আইওএমের গাজা কর্মসূচির প্রধান কার্ল বেকার বলেন, এসব তাঁবু কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে সব সময় নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না।

গাজায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খাবার, আশ্রয় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আল-জাজিরার সংবাদদাতা ইব্রাহিম আল-খলিলি জানিয়েছেন, সামনের দিনগুলো নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এবং মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর অভাবই এখন বড় উদ্বেগ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ৭৪ হাজার ৭৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন