Monday, November 23, 2026

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, তিন মাসে বেড়েছে ২০ হাজার কোটি


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ব্যাংক খাতে নানা ধরনের সুবিধা ও নীতিগত ছাড় দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না খেলাপি ঋণ। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের হিসাবে খেলাপির হার এখন ৩৩ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকাই খেলাপি হয়ে পড়েছে।

তিন মাস আগের চিত্রের সঙ্গে তুলনা করলে খেলাপি ঋণ বৃদ্ধির বিষয়টি আরও স্পষ্ট হয়। গত জুন শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। ওই সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপির হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে শুধু খেলাপি ঋণের পরিমাণই বাড়েনি, মোট ঋণের তুলনায় খেলাপির হারও বেড়েছে।

ব্যাংকারদের মতে, দেশের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। পাশাপাশি ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম এবং প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের অর্থ আদায়ে ব্যর্থতাও খেলাপি ঋণ বাড়ার অন্যতম কারণ।

ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের চিত্রে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। গত সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই এখন খেলাপি।

বেসরকারি ব্যাংকগুলোর অবস্থাও উদ্বেগজনক। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ খেলাপি।

অন্যদিকে, বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ তুলনামূলক কম। এসব ব্যাংকে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৩ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ।

বিশেষায়িত ব্যাংকগুলোতেও খেলাপি ঋণের হার উল্লেখযোগ্য। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা। তাদের বিতরণ করা মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশই খেলাপি।

সামগ্রিক হিসাবে, দেশের ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৪ টাকাই এখন খেলাপি। ঋণ আদায়ে অনিয়ম ও দুর্বলতার পাশাপাশি ব্যবসায়িক সংকটের প্রভাবও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন