Sunday, November 22, 2026

সোনার দামে বড় পতন, জানুয়ারিতে কেনা ক্রেতাদের ভরিতে লোকসান ১ লাখ ৩৪ হাজার টাকা


ছবিঃ স্বর্ণালংকার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্ববাজারে সোনার দামে টানা দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বছরের শুরুতে রেকর্ড দামে সোনা কেনা অনেক ক্রেতা এখন বিক্রি করতে গিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন। গত জানুয়ারিতে যে দামে এক ভরি সোনা কেনা হয়েছিল, বর্তমান বাজারে তা বিক্রি করলে ভরিতে লোকসান দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা। অলংকার তৈরির মজুরি হিসাব করলে লোকসানের পরিমাণ আরও বাড়বে।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর চলতি বছর সোনার বাজার সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। গত ২০ নভেম্বর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে আসে ৩ হাজার ৫১৯ ডলারে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। অর্থাৎ মাত্র ১০ মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম এক-তৃতীয়াংশের বেশি কমেছে।

বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি নভেম্বর মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে গত ২০ নভেম্বর এক দিনেই দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারিত রয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল গত ২৯ জানুয়ারি। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। চলতি বছরের ২১ নভেম্বর সেই দাম কমে দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। দুই দরের ব্যবধান ৯১ হাজার ৩৭ টাকা। ঘোষিত দরের হিসাবে কমেছে প্রায় ৩২ শতাংশ।

তবে ক্রেতার প্রকৃত ব্যয়ের হিসাব করলে লোকসানের চিত্র আরও বড়। জানুয়ারিতে সোনা কেনার সময় বাজুস ঘোষিত দামের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। ফলে এক ভরি সোনা কিনতে ক্রেতার ব্যয় হয়েছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। পরে গত জুনে সংসদে পাস হওয়া অর্থ বিলে ভ্যাটের কাঠামো পরিবর্তন করে ৫ শতাংশের পরিবর্তে ভরিপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট করা হয়। ১৮ জুন থেকে বাজুস ভ্যাটসহ সোনার দাম ঘোষণা করছে। বর্তমানে এক ভরি ২২ ক্যারেট সোনা কিনতে খরচ হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এই হিসাবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ক্রেতার ব্যয় কমেছে প্রায় ৩৫ শতাংশ। এর সঙ্গে অবশ্য অলংকার তৈরির মজুরি যুক্ত হবে।

পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করেছে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে পুরোনো অলংকার বিক্রির সময় আগের ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। আর পুরোনো সোনা দিয়ে নতুন অলংকার তৈরি বা কেনার ক্ষেত্রে বাদ যাবে ৯ শতাংশ, যা আগে ছিল ১২ শতাংশ।

এই নিয়মে বর্তমান বাজারদরে এক ভরি ২২ ক্যারেট পুরোনো সোনা বিক্রি করলে ক্রেতা পেতে পারেন আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকা খরচ করে এক ভরি সোনা কেনা ব্যক্তি এখন তা বিক্রি করলে লোকসান হবে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা। কেনার সময় দেওয়া মজুরি ধরলে ক্ষতির অঙ্ক আরও বাড়বে।

চলতি বছরে সোনার বাজারে ঘন ঘন দাম পরিবর্তনও ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। ২০২৫ সালে পুরো বছরে বাজুস ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল। চলতি বছরের ১৯ সেপ্টেম্বরের মধ্যেই সেই সংখ্যা ছাড়িয়ে দাঁড়ায় ১১৬-তে। ওই সময়ের মধ্যে দাম বেড়েছে ৫৮ বার, কমেছে সমানসংখ্যক বার। শুধু নভেম্বরের প্রথম ২১ দিনেই ১২ বার দাম পরিবর্তন করা হয়েছে।

সাধারণত সঞ্চয় ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার ওপর নির্ভর করেন অনেকে। তবে বাজারের সাম্প্রতিক পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, বেশি দামে সোনা কিনলে স্বল্প বা মধ্যমেয়াদে বড় লোকসানের ঝুঁকি থাকে। দীর্ঘ মেয়াদে সোনা বিনিয়োগের সুরক্ষা দিতে পারে এমন ধারণা থাকলেও সর্বোচ্চ দামে কেনা সোনার লোকসান পুষিয়ে নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিটি আরও জটিল। বিশ্ববাজারে ডলারের হিসাবে সোনার দাম আগের অবস্থানে ফিরলেও স্থানীয় মুদ্রার মূল্যমান ও মূল্যস্ফীতির পরিবর্তনের কারণে প্রকৃত ক্রয়ক্ষমতা ফিরে পেতে আরও বেশি সময় লাগতে পারে। ফলে সোনার দাম কমার সময় তাড়াহুড়ো করে বিনিয়োগ করা কিংবা লোকসানের ভয়ে দ্রুত বিক্রি করে দেওয়া কোনোটিই ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিয়ে করা উচিত নয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন