- ২১ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নড়াইল
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত দুই নেতার স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সরেজমিনে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা গেছে। তবে স্থানীয়দের দাবি, তাঁর বাড়ির আশপাশের অন্য কোনো বাড়িতে এ ধরনের ঘটনা ঘটেনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এদিকে কালিয়া থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়েছে। পুলিশের বক্তব্য, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, ওই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় শুক্রবার বিকেল থেকে নিহতদের স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বেন্দারচর এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
তবে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, হামলার ঘটনা শুধু কয়েকটি বাড়িতে সীমাবদ্ধ ছিল না। তাঁদের দাবি, সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়ি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। এ অভিযোগের বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু হামলার ঘটনায় দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কে বা কারা করেছে, তা আমরা জানি না। আমরা আমাদের দুই নেতাকে হারিয়ে অত্যন্ত শোকাহত।’
দুই নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত ঘটনা, ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা এবং কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।