Monday, November 23, 2026

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ


ছবিঃ গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গাজীপুর

বেতন বাড়ানোর দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল। সোমবার সকালে কর্মবিরতির পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন কয়েকশ পোশাকশ্রমিক। তাঁদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের বিভিন্ন শিল্পকারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকেরা। তবে কাজে না গিয়ে তাঁরা কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এতে ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরে যান।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়কে জড়ো হন কয়েকশ শ্রমিক। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠে যান চলাচল বন্ধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় আনসার ব্যাটালিয়ন, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। তাঁরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে সেই অনুরোধ উপেক্ষা করে শ্রমিকেরা সড়কে অবস্থান বজায় রাখেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপরও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, শ্রীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন