Tuesday, July 28, 2026

যামিনীপাড়া সীমান্তে বিজিবি-চোরাকারবারীদের গোলাগুলি, ৪ পিস্তল ও গুলি উদ্ধার


ছবিঃ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২টি বিদেশি ও ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ১০ মিনিট ধরে চলা এ গোলাগুলির পর চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে যামিনীপাড়া জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়নের একটি টহলদল।

২৩ বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্ত এলাকায় সন্দেহভাজন চোরাকারবারীদের অবস্থান শনাক্ত করে তাদের ধাওয়া দেওয়া হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চোরাচালানে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বিজিবির সদস্যরা বিওপিতে ফেরার সময় একদল সশস্ত্র চোরাকারবারী জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে টহলদলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারীরা সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার ঠেকাতে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন