- ২৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
সোনার বার হিসেবে বাজারে বিক্রির উদ্দেশ্যে লোহার তৈরি ৪১টি বার নিয়ে যাওয়ার সময় রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা বারগুলোর ওপর সোনালি রঙের প্রলেপ দেওয়া ছিল। তবে পরীক্ষা করে সেগুলোর ভেতরে লোহা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার একটি চেকপোস্টে তল্লাশির সময় এসব নকল বার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন সেতুর পশ্চিম পাশে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িটিতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন কৌশলে পালিয়ে গেলেও অপর দুজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে খবরের কাগজ ও কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপ দেওয়া বারসদৃশ বস্তু পাওয়া যায়।
পরবর্তী সময়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ওপরের সোনালি প্রলেপ সরিয়ে দেখা যায়, প্রতিটি বস্তুর ভেতরে রয়েছে লোহা। অর্থাৎ সেগুলো আসল সোনার বার নয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে মিলে তারা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সেগুলোকে সোনার বারের আদলে তৈরি করতেন। পরে এসব নকল বার আসল সোনা হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেন দাবি করেছেন, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে এসেছিলেন।
পুলিশ জানায়, উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু তৈরি ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।