Thursday, November 26, 2026

সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন


প্রতীকী ছবিঃ চুয়েট লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দীর্ঘদিন ধরে চলমান অচলাবস্থার অবসান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হচ্ছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলনকে আরও সংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন করে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময় ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও দীর্ঘমেয়াদি কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘোষণায় আরও বলা হয়, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের অংশগ্রহণে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

আন্দোলন ও শাটডাউন কর্মসূচি প্রসঙ্গে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

বিশ্ববিদ্যালয়টিতে চলমান অচলাবস্থার সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। ওই দিন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আবার শুরু হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। এর মধ্যে সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচিতে গেলেন শিক্ষার্থীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন