- ২৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পদ্ধতি এবং এ-সংক্রান্ত বিদ্যমান বিধিমালা সংশোধনের বিষয়ে ডাকা সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রার্থীদের পছন্দক্রম নির্ধারণসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হলেও খসড়া বিধিমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আবারও সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া সভাটি দুপুর ২টার পর শেষ হয়। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নির্ধারিত সময়ে সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী বেলা দেড়টার দিকে সেখানে যোগ দেন। এ কারণে খসড়া বিধিমালার বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি। তবে শিক্ষক নিয়োগে প্রার্থীদের পছন্দক্রম দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করার সুযোগ থাকায় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছিল। এ পরিস্থিতি বিবেচনায় প্রার্থীদের পছন্দক্রমের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের কাজ এগিয়ে নিতে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রস্তাবগুলো বিস্তারিত পর্যালোচনা করে খসড়াটি চূড়ান্ত করার চেষ্টা করা হবে। পরবর্তী সভার তারিখ পরে জানানো হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন বিধিমালা চূড়ান্ত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। তবে পছন্দক্রমের সংখ্যা কমানোসহ আলোচনায় থাকা প্রস্তাবগুলোর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিয়োগপ্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।