Tuesday, November 24, 2026

লিবিয়া ও বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলা, ‘কঠোর পরিণতির’ হুঁশিয়ারি মস্কোর


ছবিঃ ২২ নভেম্বর, ২০২৬ তারিখে বাল্টিক সাগরে রুশ কার্গো জাহাজ ‘স্পার্টা ২’ (স্পার্টা ২)-তে লাগা আগুন নেভানোর কাজ করছে ফিনিশ বর্ডার গার্ড (সংগৃহীত । আল জাজিরা /এপি)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

লিবিয়া ও বাল্টিক সাগরে রাশিয়ার জাহাজ লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কিয়েভকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের এসব কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। এদিকে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের প্রয়োজন মনে করলে মন্ত্রণালয় তা জানাবে। তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করেন তিনি।

পেসকভের ভাষ্য, রুশ বাহিনী প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরে সমন্বিত হামলা চালাচ্ছে। তাঁর দাবি, এসব অভিযানের কারণে কিয়েভ সরকারকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হচ্ছে।

বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার ঘটনাকে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিপজ্জনক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন ক্রেমলিনের মুখপাত্র। একই সঙ্গে বাল্টিক অঞ্চলের দেশগুলোকে ইউক্রেনের ওপর প্রভাব খাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ইউক্রেনের এসব পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলেও অভিহিত করেন পেসকভ।

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রোববার লিবিয়ার বেনগাজি বন্দরের একটি নৌঘাঁটিতে হামলা চালিয়ে রাশিয়ার করভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। একই অভিযানে রাশিয়ার হয়ে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে বলে জানান তিনি।

তবে এসব হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি নিয়ে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনও সামনে এসেছে। দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সরকার, যারা রাজধানী ত্রিপোলিকেন্দ্রিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিদ্বন্দ্বী, জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, রুশ জাহাজে হামলার মাধ্যমে লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।

পাশাপাশি পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতি থাকার অভিযোগের আন্তর্জাতিক তদন্তও দাবি করেছে পূর্বাঞ্চলভিত্তিক সরকারটি।

লিবিয়া ও বাল্টিক সাগরে হামলার ঘটনাগুলো রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে ইউক্রেনের সাম্প্রতিক অভিযানের অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল ও অন্যান্য পণ্য পরিবহনে এসব জাহাজ ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে।

এর আগে শনিবার বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার কালিনিনগ্রাদগামী ‘স্পার্টা টু’ নামের একটি জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। এ ঘটনাকেও অত্যন্ত বিপজ্জনক প্রবণতা হিসেবে বর্ণনা করেছেন পেসকভ।

এদিকে সামুদ্রিক পরিবহনের ওপর রাশিয়ার নির্ভরতা এবং বাল্টিক অঞ্চলে সরবরাহব্যবস্থার ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সোমবার জানিয়েছেন, কালিনিনগ্রাদে পণ্য পরিবহন সচল রাখতে দুটি রেল ফেরি কেনার জন্য ৪৭ বিলিয়ন রুবল বা প্রায় ৫৭ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করবে মস্কো।

বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। এর চারপাশে রয়েছে লিথুয়ানিয়া ও পোল্যান্ড। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অনুসারে লিথুয়ানিয়া রাশিয়া থেকে কালিনিনগ্রাদে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্থলপথে পরিবহন সীমিত করে। এরপর অঞ্চলটির সরবরাহব্যবস্থা অনেকাংশে সমুদ্রপথনির্ভর হয়ে পড়ে।

রুশ প্রধানমন্ত্রী জানান, উস্ত-লুগা থেকে বাল্টিয়স্ক রুটে ফেরি দুটি চলাচল শুরু করার কথা রয়েছে ২০৩০ সালে। প্রকল্পের ব্যয়ের বড় অংশ রাশিয়ার রিজার্ভ তহবিল থেকে জোগান দেওয়া হবে।

জাহাজে হামলা নিয়ে মস্কোর কঠোর বক্তব্যের মধ্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ সামনে এনেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, আত্মরক্ষার প্রয়োজনে রাশিয়ার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের অধিকার রয়েছে। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতাও তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তবে ইউক্রেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর কর্মকাণ্ডকে উসকানিমূলক হিসেবে বর্ণনা করলেও এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ‘সরাসরি প্রয়োজন’ তৈরি হয়নি বলে স্বীকার করেন মেদভেদেভ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি সমুদ্রপথে চলাচলকারী জাহাজে হামলার ঘটনা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বিশেষ করে বাল্টিক সাগর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে রুশ জাহাজের নিরাপত্তা, আন্তর্জাতিক জলসীমায় সামরিক তৎপরতা এবং লিবিয়ার সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মস্কোর সাম্প্রতিক হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন