- ২৪ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ছয় হাজার ৫০০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার (২৪ নভেম্বর) পার্লামেন্টে এ ঘোষণা দেন। ডিসেম্বর মাসে নৌযান ও বিমানে করে এসব শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
আনোয়ার ইব্রাহিমের ঘোষণার সময়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। এর মাত্র পাঁচ দিন আগে, গত ১৯ নভেম্বর, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গণহত্যার অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালতের ওই রায়ে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর তিনটি নৌযানে করে মিয়ানমারের ১ হাজার ৫০০ নাগরিককে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে মিয়ানমারে পাঠানো হবে। বিমানযোগে প্রত্যাবাসনের ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিচিত মালয়েশিয়া। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বাড়ায় সরকারের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষের বক্তব্য, বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়া দেশটির অর্থনীতি ও নিরাপত্তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। তবে ওই প্রত্যাবাসনপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাঁদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমার থেকে আসা। এর মধ্যে রোহিঙ্গাদের সংখ্যাও উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশের ভেতরে ও বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করতে হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি এই প্রত্যাবাসন প্রশ্নও আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পেয়েছে।
গত মাসে মালয়েশিয়া সফরে এসেছিলেন মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান ও বর্তমান নেতা মিন অং হ্লাইং। তাঁর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছিল। তাদের আশঙ্কা, এ ধরনের যোগাযোগ মিয়ানমারের সামরিক নেতৃত্বকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে ফেরত পাঠানো শরণার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
আনোয়ার ইব্রাহিম অবশ্য বলেছেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তাঁর যোগাযোগের উদ্দেশ্য ছিল মালয়েশিয়ার স্বার্থ সুরক্ষা করা। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তুচ্যুত মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় ছিল।
মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের নির্যাতন ও নৃশংসতার শিকার—এ কথা স্বীকার করেছেন আনোয়ার। তবে তাঁর বক্তব্য, তৃতীয় কোনো দেশে শরণার্থীদের পুনর্বাসনের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবে কার্যকর হয়নি। একই সঙ্গে এত বিপুলসংখ্যক শরণার্থীকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার আর্থিক সক্ষমতাও মালয়েশিয়ার নেই।
এর আগে গত মাসের শেষ দিকে মিয়ানমারে ফেরত পাঠানো কয়েক শ অভিবাসীকে দেশটির সামরিক বাহিনীর হেফাজতে রাখা হয়েছে এমন খবরের ব্যাখ্যা চাওয়ার কথা জানিয়েছিল মালয়েশিয়া। তবে মঙ্গলবারের বক্তব্যে আনোয়ার এ বিষয়ে নতুন কোনো তথ্য দেননি। তিনি শুধু বলেন, রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে মালয়েশিয়ার উদ্বেগ আগের মতোই রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। মুসলিম-অধ্যুষিত এই জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন, নাগরিকত্বের সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে তাঁদের বড় একটি অংশ বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কয়েক দিনের মধ্যে মালয়েশিয়ার নতুন প্রত্যাবাসন পরিকল্পনা বাস্তবায়িত হলে শরণার্থীদের নিরাপত্তা ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।