- ২৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারির দাবিতে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। এ অবস্থায় অনশনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে দীর্ঘদিনের অপেক্ষার পরও বদলির বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা সমাধান না মেলায় আলোচনা শেষ হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অনশনরত শিক্ষকদের চার সদস্যের একটি প্রতিনিধি দলকে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে নেওয়া হয়। সেখানে তাঁদের সঙ্গে কথা বলেন অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান।
প্রতিনিধি দলের সদস্য সহকারী শিক্ষক সেলিনা জানান, আলোচনায় মাউশির পরিচালক বদলির বিষয়ে অধিদপ্তরের আন্তরিকতার কথা জানিয়েছেন। তবে কিছু জটিলতার কারণে এখনই বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে তাঁদের জানানো হয়েছে। এ বিষয়ে আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।
সেলিনা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিচালক স্যার আমাদের বলেছেন, তারা বদলির বিষয়ে আন্তরিক। তবে কিছু জটিলতার কারণে বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য আরও কিছুদিন ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।’
এ সময় শিক্ষকরা তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে কর্মস্থল থেকে দূরে থাকায় অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে। সন্তানদের কাছ থেকে দূরে থেকে চাকরি করতে হচ্ছে। বদলির জন্য আবেদন নেওয়া হয়ে থাকলে দ্রুত ফল প্রকাশেরও দাবি জানান তাঁরা।
তবে আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, কর্তৃপক্ষ যদি আরও ধৈর্য ধরতে বলে, তাহলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেই তাঁরা সেই অপেক্ষা করবেন।
এর আগে একই দিন সকাল ১০টার দিকে বদলির আদেশ জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। তাঁদের দাবি, বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁরা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।