- ২৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে নিন্দা জানালেও দেশটির সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তাঁর এই বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে কংগ্রেসের কয়েকটি মিত্র দল ও বামপন্থী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে সমালোচনা এসেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানাতে অনীহা দেখিয়েছে—এমন অভিযোগ গত তিন বছর ধরে করে আসছে কংগ্রেস। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েল সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের তিনি নিন্দা করেন। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষেও তিনি মত দেন। তাঁর যুক্তি, ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে এবং সশস্ত্র বাহিনীর জন্য উন্নত অস্ত্র সংগ্রহও সেই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কারণ।
বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর বক্তব্য ভারতের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত অংশীদারত্বের বাস্তবতাকেই সামনে এনেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও দৃশ্যমান ও বিস্তৃত হলেও এই সহযোগিতার ভিত্তি কেবল বিজেপি সরকারের আমলে তৈরি হয়নি। কংগ্রেসের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারগুলোর সময়েও প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্কের বিস্তার ঘটেছে।
ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এখন শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিরক্ষা সরঞ্জাম, ড্রোন, নজরদারি প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বেড়েছে।
চলতি মাসে ভারতের অলাভজনক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানে বলা হয়েছে, ইসরায়েল থেকে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার ক্ষেত্রে ভারতের নিজস্ব কিছু নিয়ম শিথিল করার অনুমতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক সিদ্ধার্থ ভারাদারাজন ও আনন্দ মাঙ্গনালের ফোনে ওই স্পাইওয়্যারের সংক্রমণের প্রমাণ পাওয়ার কথা জানায়। তবে অনুমোদনহীন নজরদারির অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার।
লেখক ও গবেষক আজাদ এশার মতে, ভারতের সঙ্গে ইসরায়েলের সহযোগিতার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে। তাঁর আশঙ্কা, এ ধরনের প্রযুক্তি ও কৌশলের ব্যবহার শেষ পর্যন্ত ভারতের নাগরিকদের বিরুদ্ধেও প্রয়োগ হতে পারে।
এর একটি উদাহরণ হিসেবে ভারতের হরিয়ানা রাজ্যের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে সরকার প্রায় ছয় বছর ধরে ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনীর কৌশল অনুসরণের চেষ্টা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লির দিকে অগ্রসর হওয়া কৃষকদের ঠেকাতে রাজ্য পুলিশ ড্রোন থেকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
২০১৪ সালের পর থেকে ইসরায়েলের অস্ত্র রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতাদের একটি হয়ে উঠেছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশের গন্তব্য ভারত।
এই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশীদার ভারতের আদানি গ্রুপ। ২০১৬ সালে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে হায়দরাবাদে হারমেস-৯০০ ড্রোন তৈরির কারখানা স্থাপন করে আদানি গ্রুপ। ইসরায়েলের বাইরে এ ধরনের প্রথম উৎপাদনকেন্দ্র ছিল এটি।
২০২০ সাল থেকে আদানি গ্রুপ বিএলআর সিস্টেমসের ৫১ শতাংশ মালিকানা ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি ইসরায়েল উইপন ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে নেগেভ মেশিনগানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। এ ছাড়া ২০২৩ সালের জানুয়ারিতে আদানি গ্রুপ ও ইসরায়েলের গ্যাডট যৌথভাবে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে হাইফা বন্দর কেনে।
গবেষক আজাদ এশার ভাষ্য, ভারত ক্রমেই ইসরায়েলি কোম্পানিগুলোর উৎপাদন ও সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। তবে লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁর মতে, হায়দরাবাদের কারখানায় মূলত ইসরায়েলে নকশা করা ড্রোনের শেষ পর্যায়ের সংযোজন করা হয়। প্রযুক্তির কতটা সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে, তা স্পষ্ট নয়।
তবে ২০২৩ সালের শেষ ভাগ ও ২০২৪ সালের শুরুর দিকে ওই ধরনের কিছু ড্রোন ইসরায়েলের কাছে সরবরাহ করা হয়েছিল। সে সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত ৩০ জুলাই প্রকাশিত ‘মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে। প্রতিবেদনে নয়টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে তিনটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ মালিকানাধীন।
সংস্থাটি বলেছে, এসব প্রতিষ্ঠান অস্ত্র রপ্তানি করলে ভারত রাষ্ট্রও কার্যত সেই সরবরাহের সঙ্গে যুক্ত থাকে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে দেশটির কৌশলগত বাণিজ্য ব্যবস্থাকে ‘শক্তিশালী’ বলে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের কাছ থেকে ভারতের অস্ত্র কেনার ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত সুবিধাই বিবেচ্য নয়; বরং অস্ত্র ব্যবহারের ওপর কঠোর শর্ত আরোপ না করাও একটি বড় কারণ।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক কবির তানেজা বলেন, পশ্চিমা কোনো দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনলে অনেক সময় প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ বা সোর্স কোড ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। ফলে ভারতীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রের সঙ্গে কেনা অস্ত্রব্যবস্থা যুক্ত করা কঠিন হয়ে পড়ে। ইসরায়েল এ ধরনের প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করতে তুলনামূলক বেশি সহযোগিতা করে।
তানেজার মতে, ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি অনেকটা এমন একটি বাজারের মতো, যেখানে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ক্ষেত্রে ব্যবহারসংক্রান্ত শর্ত তুলনামূলক কম। উদাহরণ হিসেবে তিনি বলেন, পাকিস্তান সীমান্তে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এমকিউ-৯ ড্রোন অস্ত্রবিহীন অবস্থায় সরবরাহ করা হয়েছে এবং সেগুলোর ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে।
১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়ও ইসরায়েলের ভূমিকা দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করেছিল বলে মনে করেন বিশ্লেষকরা। সে সময় ভারতের পারমাণবিক পরীক্ষার পর কয়েকটি দেশ অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েল খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রাখে।
ভারতের অস্ত্রভান্ডারের বড় একটি অংশ রুশ প্রযুক্তিনির্ভর। ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো রুশ সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি সরবরাহ এবং ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে তুলনামূলক বেশি আগ্রহী। ফলে ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর পরিকল্পনাতেও ইসরায়েল গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।
ভারত-ইসরায়েল সম্পর্কের পেছনে আদর্শিক অবস্থান কতটা ভূমিকা রাখছে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।
আজাদ এশার মতে, দুই দেশের সম্পর্কের মধ্যে কৌশলগত স্বার্থের পাশাপাশি আদর্শিক মিলও রয়েছে। তাঁর ব্যাখ্যায়, হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যে কিছু রাজনৈতিক ও আদর্শিক সাদৃশ্যের বিষয়টি দুই দেশের ঘনিষ্ঠতার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
অন্যদিকে কবির তানেজা মনে করেন, সম্পর্কটির মূল ভিত্তি আদর্শ নয়, বরং নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ। তাঁর মতে, একই ধরনের প্রযুক্তি ও সহযোগিতা অন্য কোনো দেশ দিতে পারলে ভারত সেই দেশ থেকেও সরঞ্জাম কিনতে আগ্রহী হবে।
লেইডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস ব্লারেল মনে করেন, আদর্শিক সম্পর্কের যুক্তির কিছু ভিত্তি রয়েছে। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাতা পর্যায়ের নেতারা অতীতে ইসরায়েলকে একটি আদর্শ হিসেবে দেখেছিলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ঘনিষ্ঠতাও প্রকাশ্য।
তবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, ভারতের সরকার কখনো স্পষ্ট করেনি যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার পেছনে আদর্শিক কোনো কারণ রয়েছে কি না। প্রতিরক্ষার প্রয়োজনে ইসরায়েলের ওপর নির্ভরতা তিনি বোধগম্য বলে মনে করেন। তবে এ সম্পর্কের ক্ষেত্রে যথাযথ সীমারেখা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারত ও ইসরায়েলের সম্পর্কের ইতিহাস কয়েক দশকের পুরোনো। ১৯৪৭ সালে ফিলিস্তিন বিভাজনের জাতিসংঘ পরিকল্পনার বিরোধিতা করেছিল ভারত। ১৯৪৯ সালে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ নিয়েও আপত্তি জানায় দেশটি। তবে ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও চার দশকের বেশি সময় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। এ সময় মুম্বাইয়ে ইসরায়েলের একজন কনসাল কাজ করতেন।
কূটনৈতিক দূরত্ব থাকলেও বিভিন্ন যুদ্ধের সময় ভারতকে সামরিক সহায়তা দিয়েছে ইসরায়েল। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় গোপনে মর্টার ও উজি সাবমেশিনগান সরবরাহ করে দেশটি। ইসরায়েলের একটি আর্কাইভ নথি অনুযায়ী, ভারত তখন ইসরায়েলি পতাকাবিহীন জাহাজে অস্ত্র পাঠানোর অনুরোধ করেছিল। তবে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দিলে ইসরায়েল ভারতকে মর্টার সরবরাহ করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও ইরানের জন্য নির্ধারিত কিছু অস্ত্র ভারতে পাঠায় ইসরায়েল। সে সময় ইরানে শাহ রেজা পাহলভির শাসন চলছিল।
পরবর্তী সময়ে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতা গড়ে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সীমান্ত বেড়া নির্মাণের ক্ষেত্রেও লেবানন সীমান্তে ইসরায়েলের ব্যবস্থাপনা থেকে ধারণা নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আজাদ এশা।
অন্যদিকে, ফিলিস্তিনের প্রতি সমর্থনও দীর্ঘদিন ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। ১৯৭৪ সালে ভারত প্রথম অ-আরব দেশ হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে (পিএলও) স্বীকৃতি দেয়। ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেয় দেশটি। অবশেষে ১৯৯২ সালে কংগ্রেস সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
এরপর অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বাধীন বিজেপি সরকার ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা কেনা অব্যাহত রাখে। ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার পর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যায়। ২০০৬ সালে ৩৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তির মাধ্যমে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।
নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত-ইসরায়েল সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন আসে এর প্রকাশ্য রূপে। এর আগে ভারত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনলেও কূটনৈতিকভাবে সম্পর্কটি অনেকটা আড়ালে রাখত। মোদির আমলে সেই অবস্থার পরিবর্তন ঘটে।
২০১৪ সালের জুলাই-আগস্টে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতের সরকার পার্লামেন্টের উচ্চকক্ষে ইসরায়েলের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণের অনুমতি দেয়নি। ২০১৫ ও ২০১৬ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহি চেয়ে আনা প্রস্তাবে প্রথমবারের মতো ভোটদানে বিরত থাকে ভারত।
২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও তিনি দেশটি সফর করেন। একই বছরের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আবেদন শুনতে অস্বীকৃতি জানায়। আদালতের যুক্তি ছিল, এ ধরনের সিদ্ধান্ত পররাষ্ট্রনীতির আওতাভুক্ত।
ভারতের ফিলিস্তিননীতি এখন আগের তুলনায় অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করেন অধ্যাপক ব্লারেল। তবে কবির তানেজার দাবি, ভারত এখনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে।
আজাদ এশা অবশ্য ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেওয়া, অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান না নেওয়া এবং দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ নিয়ন্ত্রণের ঘটনাগুলো ভারতের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার সমালোচকদের প্রধান প্রশ্ন হলো, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি ও যুদ্ধাপরাধের অভিযোগের মধ্যে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার দায় কতটা। জাতিসংঘের একটি তদন্ত কমিশনের জুনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দুই বছরব্যাপী গাজা অভিযানে অন্তত ২০ হাজার ১৭৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। কমিশন বিভিন্ন রাষ্ট্রকে এমন অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে, যা গণহত্যায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বা হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েল ওই প্রতিবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিষয়ে আজাদ এশা মনে করেন, এ ধরনের সহযোগিতার দায় এড়ানোর সুযোগ ভারতের নেই। গবেষক আশুতোষ সিংও বলেছেন, কোনো দেশ যদি গণহত্যায় ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম সরবরাহ করে, তাহলে তার দায়ের প্রশ্ন সামনে আসবেই।
তবে কংগ্রেসের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদও স্বীকার করেছেন, কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্য ইসরায়েলি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কিনেছে বলে যে প্রতিবেদন এসেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা থাকা জরুরি।
ভারত ও ইসরায়েলের সম্পর্ক তাই কেবল দুই দেশের সরকারের রাজনৈতিক ঘনিষ্ঠতার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক দশকের সামরিক সহযোগিতা, প্রযুক্তি, বাণিজ্য ও নিরাপত্তার হিসাব। ফলে ভারতের ক্ষমতায় যে দলই থাকুক, এই সম্পর্ক থেকে সরে আসা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।