Wednesday, November 25, 2026

ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে বন্যার পানি, আটক ২৬ শ্রমিক


ছবিঃ জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে যে, কর্মীরা ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর একটি খনিতে আটকা পড়েছেন। (সংগৃহীত । আল জাজিরা /জুনি ক্রিসওয়ান্তো/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অননুমোদিত সোনার খনিতে বন্যার পানি ঢুকে অন্তত ২৬ জন শ্রমিক আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভারী বৃষ্টির কারণে পাশের একটি নদীর পানি উপচে খনিতে প্রবেশ করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কর্তৃপক্ষ জানায়, সোমবার প্রবল বৃষ্টিপাতের পর নদীর পানি বেড়ে যাওয়ায় বোগর জেলার ওই খোলা সোনার খনিটি প্লাবিত হয়। এতে খনির ভেতরে কাজ করা শ্রমিকেরা আটকা পড়েন।

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত ২৬ জন শ্রমিককে উদ্ধার করে বাইরে আনা সম্ভব হয়নি। তাঁদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, শ্রমিকেরা প্রায় ১০০ মিটার গভীর একটি খনিতে আটকা পড়েছেন। সেখানে প্রবেশের পথ বেশ সরু। পাশাপাশি খনির ভেতরের মাটি পিচ্ছিল এবং আলোও সীমিত। এসব কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি বলেন, খনির ভেতরে পানির অবস্থা পর্যবেক্ষণ এবং প্রবেশপথের পরিস্থিতি মূল্যায়নে উদ্ধারকাজে নিয়োজিত সব দলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তিনি আরও জানান, খনির গভীরতা, সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত আলোর অভাব বিবেচনায় নিয়ে উদ্ধারকৌশল নির্ধারণ করতে হচ্ছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেই অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

খনিটি বোগর জেলার পাহাড়ি পংকর এলাকায় অবস্থিত। রাজধানী জাকার্তা থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে। সেখানে রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান আন্তাম সোনার খনির কার্যক্রম পরিচালনা করে।

খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ছোট পরিসরের অননুমোদিত খনন কার্যক্রম প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যন্ত অঞ্চলে এসব খনি পরিচালিত হওয়ায় নিয়ন্ত্রণ ও তদারকি করাও কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে। এর আগে দেশটিতে অবৈধ সোনার খনিতে ভূমিধসসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

এদিকে, ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ডেটিক জানিয়েছে, বোগর জেলার অন্য একটি এলাকায় গত সপ্তাহে কর্তৃপক্ষ প্রায় ৩০টি সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছে।

তবে বন্যাকবলিত খনিতে আটকে পড়া শ্রমিকদের কাছে উদ্ধারকর্মীরা কখন পৌঁছাতে পারবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন