Wednesday, November 25, 2026

ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন ভোটার


ছবিঃ ১৩ এপ্রিল, ২০২৬ তারিখে ‘জিউইশ ভয়েস ফর পিস’ (Jewish Voice for Peace)-এর বিক্ষোভকারীরা নিউইয়র্ক সিটিতে মার্কিন সিনেটর চাক শুমারের কার্যালয়ের বাইরে যান চলাচল অবরুদ্ধ করেন (সংগৃহীত । আল জাজিরা /আন্দ্রেস কুদাকি/এপি ফটো)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার পক্ষে মত দিয়েছেন দেশটির অধিকাংশ ভোটার। যুদ্ধ শেষ করতে হলে শর্ত কিছুটা প্রতিকূল হলেও তা মেনে নেওয়ার পক্ষে রয়েছেন জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ মার্কিন নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার প্রকাশিত ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’ শীর্ষক এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। তাঁদের কাছে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মতামত জানতে চাওয়া হয়। জরিপে অংশগ্রহণকারীদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছিল—যেকোনো শর্তে এখনই যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্যে বর্তমান কৌশল অব্যাহত রাখা।

জরিপের ফল অনুযায়ী, ৫৫ শতাংশ উত্তরদাতা যেকোনো শর্তে অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, ২১ শতাংশ বর্তমান কৌশল চালিয়ে যাওয়ার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান আরও বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

দলীয় পরিচয়ের ভিত্তিতে মতামতের পার্থক্যও স্পষ্ট হয়েছে। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ যুদ্ধের শর্তনির্বিশেষে অবসান চান। রিপাবলিকানদের মধ্যে এ মতের সমর্থন ২৫ শতাংশ।

জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি জানিয়েছেন, যুদ্ধের প্রতি মার্কিন জনগণের বিরোধিতা এবং সংঘাত বন্ধের আকাঙ্ক্ষা আগে থেকেই স্পষ্ট ছিল। তবে যুদ্ধ শেষ করার জন্য তাঁরা তুলনামূলক কম অনুকূল শর্ত মেনে নিতে কতটা প্রস্তুত, তা নিয়ে তাঁর সংশয় ছিল। ফলাফলে সেই সমর্থনের মাত্রা তাঁকে বিস্মিত করেছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেলহামি বলেন, যুদ্ধের বিরোধিতা এবং এটি শেষ করার পক্ষে জনমত রয়েছে এ বিষয়টি তাঁরা জানতেন। তবে যুদ্ধ বন্ধ করতে জনগণ কী ধরনের শর্ত মেনে নিতে রাজি, সেটিই ছিল তাঁদের কাছে বড় প্রশ্ন। তাঁর ভাষায়, বর্তমান জনমত স্পষ্টভাবে যুদ্ধ দ্রুত শেষ করার দিকেই ঝুঁকে আছে।

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ বাড়ানোর বিভিন্ন উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট ভোটারদের বড় একটি অংশ। জরিপে ৫৩ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন, ইরানবিরোধী সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন আটকে দেওয়ার পক্ষে তাঁরা। আর ৫১ শতাংশ আগামী বাজেট আলোচনায় ইরান যুদ্ধের জন্য বরাদ্দ বন্ধের উদ্যোগ সমর্থন করেন। এমন পদক্ষেপে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও তাঁদের অবস্থানে পরিবর্তন নেই বলে জরিপে উঠে এসেছে।

তবে যুদ্ধ বন্ধে কতটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ডেমোক্র্যাট দলের ভেতরেই মতপার্থক্য রয়েছে। দলের প্রগতিশীল ও যুদ্ধবিরোধী অংশ সামরিক অভিযানের অর্থায়ন বন্ধের মতো পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, দলটির অপেক্ষাকৃত মধ্যপন্থী নেতৃত্ব এখনো এ ধরনের কঠোর কৌশলের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার যুদ্ধ শেষ করার পক্ষে কথা বললেও অর্থায়ন বন্ধ কিংবা ডিসেম্বরের বাজেট আলোচনাকে এ বিষয়ে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়ে তাঁরা এখনো দৃঢ় অবস্থান জানাননি।

তেলহামির মতে, ডেমোক্র্যাট দলের অনেক নেতা যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের তীব্রতা যথাযথভাবে অনুধাবন করছেন না। জনমতের সঙ্গে অবস্থান সামঞ্জস্য না করলে তাঁরা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পক্ষে মার্কিন সরকারের দেওয়া যুক্তিগুলো নিয়েও ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। ওয়াশিংটনের অন্যতম যুক্তি হলো, ইরানের পারমাণবিক কর্মসূচি দুর্বল বা নিষ্ক্রিয় করা। তবে জরিপে অংশ নেওয়া মাত্র ২৮ শতাংশ মনে করেন, চলমান যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ইরান আগের তুলনায় দুর্বল অবস্থানে পড়েছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান নতুন করে এমন সিদ্ধান্ত অনুমোদন করেছে এমন প্রমাণ মার্কিন গোয়েন্দা মূল্যায়নে পাওয়া যায়নি।

যুদ্ধের প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতেও। সংঘাত শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি বন্ধ করে দেয় ইরান। এর জবাবে ট্রাম্প প্রশাসন সেখানে নৌ অবরোধ আরোপ করেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও বেড়েছে।

জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে, মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, এই জলপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইরান যুদ্ধ নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। যুদ্ধের বিরোধিতা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।

ডেমোক্র্যাট দলের যুদ্ধবিরোধী অংশ নির্বাচনের ফলকে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্বিবেচনার পক্ষে জনমতের প্রতিফলন হিসেবে দেখছে। তবে দলের মধ্যপন্থী নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে তাদের মতবিরোধ রয়েছে।

এদিকে, সিনেটে ডেমোক্র্যাট নেতৃত্বের দায়িত্ব নিতে চাক শুমারের প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে আসা সিনেটর ক্রিস ভ্যান হলেন যুদ্ধ ইস্যুতে দলের মধ্যপন্থী নেতৃত্বের অবস্থানের সমালোচনা করছেন। জরিপে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে শুমারের তুলনায় ভ্যান হলেনের প্রতি সমর্থন প্রায় তিন গুণ বেশি পাওয়া গেছে।

সব মিলিয়ে জরিপের ফল বলছে, যুক্তরাষ্ট্রের ভোটারদের বড় একটি অংশ ইরান যুদ্ধের দ্রুত অবসান চায়। তবে যুদ্ধ বন্ধে কংগ্রেসের ভূমিকা, সামরিক অর্থায়ন স্থগিত এবং ট্রাম্প প্রশাসনের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ এখনো স্পষ্ট।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন