- ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
ফিলিস্তিনিদের ওপর নজরদারি, অবস্থান শনাক্ত করা এবং সামরিক অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও প্যালান্টিরের মতো প্রতিষ্ঠানের ক্লাউড সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ব্যবস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন মানবাধিকারকর্মী ও বিশ্লেষকেরা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ছবি, ফোনালাপসহ বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে এসব প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অ্যামাজনের ক্লাউড অবকাঠামোয় ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণ ও আপলোডের বিষয়টিও সামনে এসেছে। অধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে মার্কিন প্রযুক্তির গভীর সম্পৃক্ততার আরেকটি উদাহরণ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। যুদ্ধসংক্রান্ত কাজে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এ চুক্তি করা হয়। অন্যদিকে, মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের বিপুলসংখ্যক ফোনালাপের রেকর্ড সংরক্ষণের অভিযোগ উঠেছে। এসব তথ্য সামরিক বিমান হামলার লক্ষ্য নির্ধারণে কাজে লাগানো হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
গুগল ও অ্যামাজনও ইসরায়েলি সামরিক বাহিনীকে উন্নত মুখমণ্ডল শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সরবরাহ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় এসব প্রযুক্তিগত সক্ষমতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াও ইসরায়েলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। দেশটির অর্থনীতিবিদদের কেউ কেউ মনে করেন, এনভিডিয়ার কর পরিশোধ দেশটির বাজেট ঘাটতি কমাতে ভূমিকা রেখেছে।
ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন সামলেহ-এর প্রতিনিধি জালাল আবুখাতের বলেন, ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন এখন ব্যাপক নজরদারির মধ্যে রয়েছে। পূর্ব জেরুজালেম বা হেবরনে চলাচলের সময় চেকপোস্ট ও সড়কের ক্যামেরায় নিয়মিত ছবি ধারণ করা হচ্ছে। তাঁর মতে, অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবির সংখ্যা সামগ্রিক নজরদারির তুলনায় খুবই সামান্য।
সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও দৃশ্যমান হয়েছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এসব প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ নিয়ে বিতর্ক বেড়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে প্যালান্টিরের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীকে পূর্বাভাসভিত্তিক পুলিশিং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম সরবরাহের অভিযোগ তোলেন। তাঁর প্রতিবেদনে বলা হয়, যথাযথ মানবাধিকার যাচাই-বাছাই করা হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেক আগেই ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল।
২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারও গাজায় ইসরায়েলি হামলায় প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করে। তবে প্যালান্টির যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামের এআই-নির্ভর লক্ষ্য নির্ধারণব্যবস্থা তৈরিতে তারা যুক্ত নয়।
তবে করপোরেট প্রতিষ্ঠানগুলোর যুদ্ধসংশ্লিষ্ট ভূমিকা পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ইন্টেল দাবি করেছে, প্যালান্টিরের সফটওয়্যার ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন তথ্য একত্র করার কাজে যুক্ত। এর মধ্যে ফোনে আড়ি পেতে পাওয়া তথ্য, স্যাটেলাইটের ছবি এবং অন্যান্য গোয়েন্দা উপাত্ত রয়েছে, যেগুলো সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যবহৃত হতে পারে।
গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের নিজস্ব ক্লাউড ও এআই অবকাঠামোর ওপর চাপ বেড়ে গেলে গুগল ও অ্যামাজন সহায়তা দেয় বলে ফ্রান্সেসকা আলবানিজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ‘প্রজেক্ট নিম্বাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়।
ইসরায়েলি সামরিক অভিযানে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথির বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্ট থেকে মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে। গাজা যুদ্ধ শুরুর পর এ মডেলের ব্যবহার প্রায় ২০ গুণ বেড়েছিল বলে নথিতে উল্লেখ করা হয়।
তবে ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলের কোনো সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের সরাসরি চুক্তি নেই। প্রতিষ্ঠানটির বক্তব্য, মাইক্রোসফট অ্যাজুরের মাধ্যমে কোন প্রতিষ্ঠানকে সেবা দেবে, সে বিষয়ে তাদের নিয়ন্ত্রণ নেই। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে তা নিজেদের নীতিমালা অনুযায়ী যাচাই করা হয় বলেও জানিয়েছে কোম্পানিটি।
মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক ও বর্তমান সদস্যদের কর্মসম্পর্ক নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৫ সালে ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক ও বর্তমান সদস্যদের একটি তথ্যভান্ডারের বরাত দিয়ে বলা হয়, প্রায় ১ হাজার ৪০০ জন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটে কাজ করছেন এমন ব্যক্তির সংখ্যা প্রায় ২৫০। এ ছাড়া এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানেও তাঁদের উপস্থিতি রয়েছে।
বিশ্লেষকদের মতে, একই সামরিক গোয়েন্দা ইউনিটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রযুক্তি প্রতিষ্ঠানে নিয়োগ ও পারস্পরিক যোগাযোগের কারণে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। টেক ফর প্যালেস্টাইনের সহপ্রতিষ্ঠাতা পল বিগার দাবি করেন, ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের সদস্যরা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। তাঁদের কেউ কেউ একই ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের ভেতরে প্রভাব বাড়াতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
মাইক্রোসফটের ক্ষেত্রেও এ বিষয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্তে ইসরায়েলভিত্তিক কয়েকজন কর্মীর মধ্যে কোম্পানির দায়িত্ব ও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি আনুগত্য নিয়ে দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল।
ফিলিস্তিনিদের ওপর নজরদারির পরিসর কতটা বিস্তৃত, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে সামলেহ-এর প্রতিনিধি আবুখাতেরের ভাষ্য, ফোনের অবস্থান শনাক্তকরণ ও নিয়মিত নজরদারির মাধ্যমে নিরাপত্তা সংস্থাগুলো মানুষের চলাচল, অবস্থান এবং কোথায় কত সময় কাটিয়েছেন এসব তথ্য বিশ্লেষণ করতে পারে।
তিনি আরও জানান, ২০২৫ সালে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসার পর নেদারল্যান্ডসে অবস্থিত একটি সার্ভারে ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিং থাকার তথ্য সামনে আসে। তবে এটি নজরদারির পুরো চিত্র নয় বলে তাঁর আশঙ্কা।
অভিযোগের বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের গণনজরদারিতে তাদের প্রযুক্তি ব্যবহার করেছে কি না, তা নিয়ে প্রতিষ্ঠানটি তদন্ত করেছে। জুনে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে তদন্তের ফলাফল এবং প্রযুক্তির ব্যবহার তদারকিতে নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়েছে। কর্মীরা যাতে গোপনীয়তা বজায় রেখে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘনের আশঙ্কা জানাতে পারেন, সে জন্য একটি অভিযোগ জানানোর ব্যবস্থাও চালু করা হয়েছে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের এক মুখপাত্র বলেছেন, গ্রাহকদের গোপনীয়তাকে তারা গুরুত্ব দেয় এবং গ্রাহকের সম্মতি ছাড়া তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করে না। গ্রাহকেরা তাদের প্রযুক্তি কী কাজে ব্যবহার করছেন, সে বিষয়েও প্রতিষ্ঠানটির সরাসরি নজরদারি নেই বলে দাবি করা হয়েছে। নিয়মিত গ্রাহক বৈঠককে অন্য কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করার অভিযোগও অস্বীকার করেছে অ্যামাজন।
অন্যদিকে, ওপেনএআই তাদের আগের বক্তব্য পুনর্ব্যক্ত করে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো সরাসরি চুক্তি নেই।
আল জাজিরা জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বক্তব্য ও মানবাধিকারকর্মীদের অভিযোগের মধ্যে ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং বেসামরিক মানুষের ওপর নজরদারির সীমা নিয়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে।