- ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
মিসরের রাজধানী কায়রোর একটি গুরুত্বপূর্ণ সড়কে পেট্রোলিয়ামজাত পণ্যবাহী ট্রাক উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার কায়রোর বৃহত্তর এলাকার গিজা গভর্নরেটের ইমবাবা জেলার আল-ওয়ারাক এলাকায় একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। জ্বালানিবাহী যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এরপর এতে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর সড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত ২৭টি যানবাহন পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার নিজে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মিসরের সরকারি কৌঁসুলির কার্যালয়। নিহতদের পরিচয় শনাক্ত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
মিসরের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।