- ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
লন্ডনের একটি সড়কে হাঁটতে গিয়ে দিকনির্দেশনা প্রয়োজন হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক কিম্বারলি প্রস্টের। পথ খুঁজতে তিনি নিজের ফোনে গুগল ম্যাপস চালু করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপটি খুলছিল না, মানচিত্রও পাওয়া যাচ্ছিল না। প্রথমে যোগাযোগব্যবস্থার সমস্যার মতো মনে হলেও পরে বোঝা যায়, এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাব।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে শুধু প্রযুক্তি ব্যবহারে নয়, আর্থিক লেনদেনসহ দৈনন্দিন নানা কাজেও বাধার মুখে পড়ছেন আইসিসির বিচারক ও কর্মকর্তারা। একই সঙ্গে আন্তর্জাতিক এই আদালতের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে উঠছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডীয় বিচারক কিম্বারলি প্রস্ট বলেন, নিষেধাজ্ঞার কারণে প্রতিদিনের জীবনেই এক ধরনের চাপ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ স্থানান্তরের সময় লেনদেন সম্পন্ন হবে কি না, কিংবা ক্রেডিট কার্ড ছাড়া কীভাবে কাজ চালাতে হবে এসব বিষয় নিয়েও তাঁকে ভাবতে হচ্ছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে আইসিসির তদন্তে সহায়তাকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা, সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হয়।
এরপর ২০২৫ সালজুড়ে এবং ২০২৬ সালেও আইসিসির বিচারকসহ আদালতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন বিচারক প্রস্ট এবং ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজও। আদালতটির প্রতিষ্ঠানগত কার্যক্রমও এসব ব্যবস্থার লক্ষ্যবস্তু হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে সংঘটিত অপরাধের অভিযোগে দেশটির নেতাদের বিচারের উদ্যোগ নেওয়ায় আইসিসির ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।
ট্রাম্প প্রশাসন আইসিসির বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করেছে। গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, প্রয়োজনে ইটের পর ইট খুলে আদালতটিকে ভেঙে দেওয়া হবে। ট্রাম্পও আইসিসিকে ‘বেপরোয়া বৈশ্বিকতাবাদী সংস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকেও আদালটির বিরুদ্ধে চাপ তৈরির বিষয়টি সামনে এনেছেন ট্রাম্প।
২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কার্যকর হয় রোম সংবিধি। এর খসড়া প্রণয়নের আলোচনায় অংশ নিয়েছিলেন বিচারক প্রস্ট। পরবর্তী সময়ে তিনি এই আদালতের বিচারক হিসেবে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কয়েক ডজন ব্যক্তির বিচারপ্রক্রিয়ায় যুক্ত ছিলেন।
রোম সংবিধির অধীনে বর্তমানে ১২৫টি রাষ্ট্র সদস্য। তবে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও ইসরায়েলের মতো প্রভাবশালী দেশগুলো এই চুক্তির সদস্য নয়। এ কারণে আইসিসির এখতিয়ার নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্য, তারা রোম সংবিধির সদস্য না হওয়ায় তাদের নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্ত বা বিচার করার এখতিয়ার আদালটির নেই। গত বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছিলেন, আইসিসি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত ও বিচার চালানোর ক্ষমতা দাবি করছে। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তবে আইসিসির আপত্তিকর তদন্তগুলোর সঙ্গে আফগানিস্তান ও ফিলিস্তিনের মতো রোম সংবিধির সদস্য রাষ্ট্রে সংঘটিত কথিত অপরাধের বিষয়ও যুক্ত রয়েছে। বিচারক প্রস্টের মতে, আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্নগুলো রোম সংবিধি প্রণয়নের সময়ই আলোচনায় এসেছিল। চুক্তিটি যারা আলোচনায় অংশ নিয়েছিলেন, তাঁদের সম্মিলিত সিদ্ধান্তের প্রতিফলন।
নিষেধাজ্ঞার কারণে প্রস্টের ব্যক্তিগত আর্থিক লেনদেনেও সমস্যা তৈরি হয়েছে। নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে এক নবদম্পতিকে বিয়ের উপহার হিসেবে অর্থ পাঠাতে গিয়ে তাঁর লেনদেন আটকে যায়। ইউরো থেকে পাউন্ডে পাঠানো অর্থ মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ভিত্তিতে আটকে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
প্রস্টের প্রশ্ন, যুক্তরাজ্যের মতো একটি সার্বভৌম রাষ্ট্র কি এ ধরনের পরিস্থিতিতে নিজস্ব অবস্থান নিতে পারে না?
তাঁর ভাষ্য, পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে প্রয়োজনের চেয়েও বেশি সতর্কতা দেখাচ্ছে। ফলে যেসব লেনদেন সরাসরি নিষেধাজ্ঞার আওতায় পড়ার কথা নয়, সেগুলোও বাধাগ্রস্ত হচ্ছে।
আদালতের প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালু রাখার ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা কার্যকর করার আগে আদালতকে ছয় মাসের সময় দিয়েছে। এরপর আদালতের সম্পদ জব্দ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্রমণে নিষেধাজ্ঞা এবং আইসিসির সম্পত্তি, টেলিযোগাযোগ ও বিভিন্ন প্রযুক্তিগত সেবা ব্যবহারে বাধা তৈরির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে আইসিসি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় যাওয়ারও কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন প্রস্ট।
তাঁর মতে, যেসব দেশ প্রকাশ্যে আইসিসির প্রতি সমর্থন জানায়, তারা চাইলে নিজেদের আইনি ব্যবস্থার মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর না করার উদ্যোগ নিতে পারে। কোনো দেশের আইনগত বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো যদি এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে, তাহলে তা বিচারক ও আদালতকে চাপে ফেলার প্রচেষ্টায় সহযোগিতার শামিল হতে পারে।
আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তের অনুমোদন দেওয়ার ঘটনায় প্রস্টের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২০ সালে আইসিসির আপিল বিভাগ আফগানিস্তানে কথিত অপরাধের তদন্ত শুরুর অনুমতি দিয়েছিল। ওই সিদ্ধান্তের অংশ ছিলেন প্রস্ট।
পরে আফগানিস্তানের তৎকালীন সরকারের আবেদনের পর তদন্ত কিছু সময়ের জন্য স্থগিত থাকে। ২০২২ সালে তদন্ত আবার শুরু হলেও এর অগ্রাধিকার দেওয়া হয় তালেবান ও আইএসের স্থানীয় শাখার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে। মার্কিন সেনা ও আফগান সেনাদের বিরুদ্ধে অভিযোগগুলো তুলনামূলকভাবে কম অগ্রাধিকার পায়। এ তদন্তের ধারাবাহিকতায় তালেবানের চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আইসিসি।
২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিচারক প্রস্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন তিনি। প্রস্ট বলেন, প্রমাণের ভিত্তিতে আপিল বিভাগে যে সিদ্ধান্তে তিনি অংশ নিয়েছিলেন, আজও একই পরিস্থিতিতে থাকলে তিনি সেই সিদ্ধান্তই নিতেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে আইসিসির একটি বিচারিক বেঞ্চ আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তদন্ত পরিচালনায় প্রসিকিউশন বিভাগের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতির কথা উল্লেখ করা হয়। প্রসিকিউটর দপ্তর এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। তবে মানবাধিকার সংগঠন ও আফগানিস্তানের ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, রাজনৈতিক চাপের কারণে বিচারপ্রক্রিয়া সংকুচিত হচ্ছে কি না।
আইসিসির বিচারক ও প্রতিষ্ঠানটি এর আগেও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছে। তবে এবার যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সরাসরি নিষেধাজ্ঞা পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে মনে করেন প্রস্ট।
তিনি বলেন, সাধারণত দায়িত্বে থাকা বিচারকেরা প্রকাশ্যে এ ধরনের বিষয়ে কথা বলেন না। কিন্তু আদালতের বিরুদ্ধে আক্রমণ এতটাই স্পষ্ট যে এবার তাঁদের কথা বলতে হচ্ছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের প্রশাসনের উদ্দেশ্য হলো বিচারকদের কাজ থেকে বিরত রাখা, সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া কিংবা নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত দিতে চাপ সৃষ্টি করা।
তবে এসব চাপের মধ্যেও আদালতের কাজ বন্ধ করা যাবে না বলে মনে করেন প্রস্ট। তাঁর বক্তব্য, ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই হুমকি ও চাপের মুখেও মামলা শুনানি এবং বিচারিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, আদালতকে অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে। কারণ এই প্রতিষ্ঠান এবং এর কাছে ন্যায়বিচারের আশায় আসা ভুক্তভোগীদের গুরুত্ব অনেক বেশি।