- ২৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল
টাঙ্গাইল সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আদিবা ইসলাম নামে তিন বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘরের পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত আদিবা ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামের বাসিন্দা আমিন ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেন। তবে দীর্ঘ সময় খোঁজ করেও শিশুটির সন্ধান মেলেনি।
এরপর বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনের আঙিনায় লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।