- ২৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গাজীপুর
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। এ সময় মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন এলাকার অন্তত ২০ থেকে ৩০টি পোশাক কারখানা দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে একদল পোশাকশ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এদিকে, শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি শিল্প এলাকায় নতুন করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানাও বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। কয়েকটি স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার ২০ থেকে ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।